একই দিনে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের পরিকল্পনা
বিদায়ী নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশনে একই দিনে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রেখে যাচ্ছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।এম সাখাওয়াত বলেন, মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা চলবে। এ সময়ের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাখার জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে বলা হয়েছে। সে ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে। কমিশন উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন ভিন্ন ভিন্ন দিনে না করে একই দিনে করার পরিকল্পনা রেখে যাচ্ছে। তিনি বলেন, একই দিনে নির্বাচন করা ছাড়া উপায় নেই। কয়েক দিনের ব্যবধানে নির্বাচন করলে অনেক সমস্যা হবে।নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা তৈরি, ভোট কেন্দ্র পুনর্বিন্যাস, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনাসহ প্রয়োজনী কাজ এখন থেকে গুছিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মে মাসে নির্বাচন করা সম্ভব হয়।