একই দিনে দুই পক্ষের পৃথক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ গত সোমবার পৃথক সম্মেলন করেছে। এ কারণে স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিল।পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলামের পক্ষের অনুসারীরা সদর উপজেলার ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ নুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা আখতার। সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর। সম্মেলনে নির্বাচনের মাধ্যমে জাকির হোসেনকে সভাপতি ও বিপেনচন্দ্র রায়কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়।অপর দিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজাহারুল হক প্রধানের অনুসারীরা পঞ্চগড় সরকারি মিলনায়তনে একই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন মজাহারুল হক প্রধান নিজে। সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য খবিরউদ্দিন আহাম্মদ। সম্মেলনে নির্বাচনের মাধ্যমে আমিরুল ইসলামকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করা হয়।মো. মজাহারুল হক প্রধান বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় সম্মেলন করার পর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হয়েছে। হঠাৎ করে অন্য কেউ বোদা ও দেবীগঞ্জের নেতা-কর্মীদের এনে সম্মেলন করলেই তা বৈধ হবে না।’সাংসদ মো. নুরুল ইসলাম বলেন, ‘এখানে জেলা ও উপজেলার অধিকাংশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এতেই প্রমাণিত হয় কোনটা বৈধ আর কোনটা অবৈধ।’প্রসঙ্গত, উভয় পক্ষের ব্যানারে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নাম ছিল। কিন্তু তিনি কোনোটিতেই উপস্থিত হননি।একই দিন পৃথকভাবে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার মধ্য দিয়ে পঞ্চগড়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিল। পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী, তেঁতুলিয়া) আসনে দীর্ঘদিন ধরে এই কোন্দল চলে আসছে। এ নিয়ে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় কয়েকবার সংঘর্ষ হয়েছে।