একই দিনে দুটি নিয়োগ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বিশেষ নিয়োগ পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু দুটি পরীক্ষার তারিখ একই দিনে হওয়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। তারিখ পরিবর্তন করা না হলে প্রার্থীরা যেকোনো একটি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অগ্রণী ব্যাংক এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট।

বরিশাল অঞ্চলের চাকরিপ্রার্থী কয়েকজন বলেন, একই দিনে একই সময় নিয়োগ পরীক্ষা হওয়ায় শুধু বরিশাল নয়, সারা দেশের মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সমস্যায় পড়েছেন।

একই দাবি জানান চাকরিপ্রার্থী ইসমত আরা, মেহেদী হাসান, আসমা আক্তার, মো. জুয়েলসহ অনেকে। তাঁরা গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে এসে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। এ ব্যাপারে অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার বলেন, অগ্রণী ব্যাংক অনেক আগে পরীক্ষার তারিখ ওয়েবসাইটে দিয়েছে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে পরীক্ষা পেছানো সম্ভব নয়। তাঁর মতে, অন্য দপ্তরগুলো আগে তাদের পরীক্ষার তারিখ ওয়েবসাইটে না দেওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ বলেন, যেহেতু মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ কোটায় নিয়োগ, তাই তারিখ পরিবর্তন হওয়া দরকার।