কিশোরগঞ্জের ভৈরব উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতাদের বড় একটি অংশ দল থেকে পদত্যাগ করেছে। সরে যাওয়ার তালিকায় উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্যসচিবসহ অন্তত ২০ জন নেতা রয়েছে। তবে পদত্যাগের দিনই নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরবে জাতীয় পার্টির তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম নেই, নেই খুব বেশি সমর্থকও। দুই বছর আগে মূল কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলের প্রবীণ নেতা গোলাম মোস্তফা ছিলেন ওই কমিটির আহ্বায়ক। সদস্যসচিবের দায়িত্ব পান আবদুস সালাম। যুগ্ম আহ্বায়ক হন তাজুল ইসলাম। তাঁদের ওপর দায়িত্ব ছিল দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। যথা সময়ে কাজটি করতে না পারায় দলের কিছু নেতা-কর্মীর সঙ্গে আহ্বায়ক কমিটির দূরত্ব বাড়ে। জেলা কমিটিও নাখোশ ছিল তাদের ওপর। আবার জেলা কমিটির ওপর আস্থা ছিল না ভৈরব আহ্বায়ক কমিটির। এ নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে আহ্বায়ক কমিটি গত শনিবার সভা করে দল থেকে একযোগে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।স্থানীয় সংবাদপত্রে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করায় তাদের সরে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। ওই দিনই দলটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কমিটি। কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভৈরবে এসে রিয়াজুল হককে আহ্বায়ক ও বিল্লাল হোসেন মোল্লাকে সদস্যসচিব করে নতুন কমিটি ঘোষণা করে। তাঁরাও স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন কমিটির জানান দেন।পদত্যাগের কারণ জানতে চাইলে প্রবীণ নেতা তাজুল ইসলাম বলেন, ‘দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে জেলা কমিটির কোনো দিকনির্দেশনা ছিল না। বরং স্থানীয়ভাবে দ্বন্দ্ব তৈরিতে তারা সাহায্য করত। স্বাধীনভাবে কাজ করার সুযোগ হারানোর কারণে আমরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ নবগঠিত কমিটির সদস্যসচিব বিল্লাল হোসেন মোল্লা বলেন, ‘আগের আহ্বায়ক কমিটি পদে পদে সাংগঠনিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা তাদের বিপরীতে কাজ করে যাব।’