একই দিনে মাউন্ট ডেনালি জয় করলেন মুসা ও ওয়াসফিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ডেনালির চূড়ায় উড়ল লাল–সবুজ পতাকা। গত ২৩ জুন দুই ঘণ্টার ব্যবধানে মাউন্ট ডেনালি জয় করেন মুসা ইব্রাহীম (বাঁয়ে) ও ওয়াসফিয়া নাজরীন l ছবি: সংগৃহীত
এবার উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ডেনালির চূড়ায় উড়ল লাল–সবুজ পতাকা। গত ২৩ জুন দুই ঘণ্টার ব্যবধানে মাউন্ট ডেনালি জয় করেন মুসা ইব্রাহীম (বাঁয়ে) ও ওয়াসফিয়া নাজরীন l ছবি: সংগৃহীত

একই দিনে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ডেনালি জয় করেছেন দুই বাংলাদেশি পর্বতারোহী। গত ২৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে ডেনালি চূড়া জয় করেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। এর দুই ঘণ্টার কম সময় পর রাত আটটা ১০ মিনিটে আলাদা অভিযানে ডেনালি চূড়ায় ওঠেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত মাউন্ট ডেনালির আনুষ্ঠানিক নাম মাউন্ট ম্যাককিনলি। এর উচ্চতা ২০ হাজার ২৩৭ ফুট (ছয় হাজার ১৬৮ মিটার)।
মুসার এ অভিযান ছিল বাংলাদেশ-ভারত মৈত্রী অভিযান। এতে তাঁর সঙ্গে ভারতের পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত অংশ নেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গত মঙ্গলবার রাতে দেখা যায়, সেখানে মুসা লিখেছেন, ‘গত ১৫ জুন ডেনালির বেসক্যাম্প থেকে অভিযান শুরু করি আমরা।’ তিনি জানান, ডেনালি চূড়া জয় করে নেমে আসার সময় তুষার ঝড়ের তীব্রতার কারণে ১৪ হাজার ২০০ ফুট উচ্চতার ক্যাম্পে তিন দিন আটকে ছিলেন তিনি ও সত্যরূপ। এ অভিযানে তাঁদের সঙ্গে কোনো গাইড বা সহায়তাকারী ছিল না। পর্বতারোহণ সরঞ্জামসহ রসদ, তাঁবু নিজেরাই বহন করেছেন। ডেনালি জয়ের মাধ্যমে মুসা তাঁর সাত মহাদেশের সাত শীর্ষ পর্বতশৃঙ্গ জয়ের (সেভেন সামিট) অভিযানের পাঁচটি শৃঙ্গ জয় করলেন।
এদিকে ওয়াসফিয়া নাজরীন তাঁর বাংলাদেশ অন সেভেন সামিট অভিযানের অংশ হিসেবে মাউন্ট ডেনালি জয় করেন। সেভেন সামিটের মধ্যে এটি ওয়াসফিয়ার ষষ্ঠ পর্বতশৃঙ্গ জয়। ডেনালি চূড়া জয় করার পর তিনি স্যাটেলাইট ফোন থেকে বাংলাদেশে তাঁর মুখপাত্র করভী রাখসান্দকে এ খবর জানান।