একই পথের পাশে ২ দিনে ২ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নয়াদিল গ্রামের ওপর দিয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের পাশে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে। আখাউড়া রেলওয়ে থানার পুলিশ লাশগুলো উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার বেলা তিনটার পর নয়াদিল এলাকায় রেললাইনে পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। আজ সকালে একই রেলপথের কাছাকাছি এলাকায় আরও এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

উদ্ধার হওয়া দুই ব্যক্তির বয়সই ৫০ বছরের মতো। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তিদের শরীর চলন্ত ট্রেনে কাটাপড়ার কথা উল্লেখ করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছাত্তার বলেন, গতকাল উদ্ধার করা লাশটি ময়নাতদন্ত শেষে আনজুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। আর আজ উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এই ব্যক্তিদের মৃত্যু কী কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কাছাকাছি জায়গায় দুই দিনে দুটি লাশ পাওয়া যাওয়ায় ভিন্ন কিছু আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।