মোংলা বন্দর কর্তৃপক্ষের একই পদে দুই মন্ত্রণালয় থেকে দুই কর্মকর্তার নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদে দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে বন্দরের প্রধান প্রকৌশলী (নৌপ্রকৌশল বিভাগ) আলতাফ হোসেন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বিকাশ চন্দ্র সিকদারকে একই পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, সরকারের নিয়োগ করা একজন চেয়ারম্যান ও তিনজন সদস্য নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
এর মধ্যে সদস্য (হারবার ও মেরিন), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও সদস্য (অর্থ)—এ তিনটি পদ রয়েছে। প্রথম দুটি পদ কারিগরি এবং তৃতীয়টি সাধারণ।
পদ শূন্য থাকায় গত ১২ মে বন্দরের প্রধান প্রকৌশলী (নৌপ্রকৌশল বিভাগ) আলতাফ হোসেন খানকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৯ মে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বিকাশ চন্দ্র সিকদারকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্যপদে নিয়োগ দেওয়া হয়।
তবে তিনি কাজে যোগ দেন ১৯ জুন। ২৩ জুন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তাঁকে সদস্য (হারবার ও মেরিন) পদে পদায়ন করেন। এরপর থেকে তিনি ওই পদেই দায়িত্ব পালন করছেন।
২৪ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ মের প্রজ্ঞাপন সংশোধন করে আরেকটি প্রজ্ঞাপনে বিকাশ চন্দ্র সিকদারকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বন্দর কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা বলেন, একই পদে দুই কর্মকর্তা থাকায় প্রশাসনিক কাজে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে। কোনো বিষয়ে কে নির্দেশনা দেবেন এবং তা বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হবে। এতে বন্দর ব্যবহারকারীরাও সমস্যায় পড়বেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, বর্তমানে আলতাফ হোসেন খান অতিরিক্ত দায়িত্ব হিসেবে সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) এবং বিকাশ চন্দ্র সিকদার সদস্য (হারবার ও মেরিন) পদে দায়িত্ব পালন করছেন। একই পদে দুই কর্মকর্তার নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এ বিষয়ে দ্রুত সংশোধনী আসবে।