একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজানের খতম তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পবিত্র রমজানে দেশের বিভিন্ন মসজিদে খতম তারাবিতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত না করে বিভিন্ন পরিমাণে তিলাওয়াত করা হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসলিমদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এ অবস্থায় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। খতম তারাবির সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কোরআন খতম করা সম্ভব। এর আগে বিষয়টি নিয়ে দেশবরেণ্য আলেম, পীর মাশায়েখ ও ইমামদের সঙ্গে আলোচনা হলে তাঁরাও এ পদ্ধতিতে খতম তারাবি পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন এবং সে মোতাবেক অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয়। এ অবস্থায় দেশের সব মসজিদে খতম তারাবিতে প্রথম ছয় দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরে কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমাম, মসজিদ কমিটি, মুসলিম এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। তারাবির নামাজ ২০ রাকাত, যা রাসূলুল্লাহ (সা.) ও সাহাবীগণ আমল করেছেন। ইসলামের প্রথম যুগ থেকে উলেমা ও ফকিহগণ তা অনুসরণ করে আসছেন। তথ্য বিবরণী।