ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারি এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার দিলকাউশী গ্রামের অসুস্থ সোনাফর মিয়া (৭৫) চিকিৎসার জন্য অটোরিকশায় করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ছেলে মোফাজ্জল হোসেন (৪০), মেয়ে পারভীন আক্তার (৪৫), জামাতা আবদুল মোতালিব (৫৫) ও নাতি রুহুল আমিন (৩০)। বেলা পৌনে তিনটার দিকে তাঁরা সাহেব কাচারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার চালক গৌরীপুর উপজেলার পালুহাটি গ্রামের জিয়াউল হক (৩২), অসুস্থ সোনাফর, তাঁর ছেলে মোফাজ্জল, জামাতা মোতালিব ও নাতি রুহুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মেয়ে পারভীন আক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পারভীনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বাসযাত্রীরা জানান, দুর্ঘটনার পর চালক বাস না থামিয়ে চালিয়ে যেতে থাকেন। তবে কিছু দূর গিয়ে যাত্রীদের চাপের মুখে বাস থামান। চালক দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান। বাসের যাত্রী ভৈরবের আমিনুল ইসলাম বলেন, চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’