একই পরিবারের চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চের যাত্রী ছিলেন জলিল হাওলাদারের পরিবারের ১০ জন সদস্য। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। একসঙ্গে প্রিয়জনদের হারিয়ে এখন পাগলপ্রায় জলিল।জলিলের স্বজনদের সূত্রে জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার বাসিন্দা জলিল হাওলাদার। তাঁর বড় মেয়ে পেয়ারা বেগম ঢাকায় চাকরি করতেন। সম্প্রতি শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে বদলি হলে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাই বাবার বাড়ির সবাইকে দাওয়াত করেন তাঁর ঢাকার বাসায়। গত সোমবার সন্ধ্যায় ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন জলিলের স্ত্রী শহর বানু (৫০)। সঙ্গে ছেলে একরাম (৩০), পুত্রবধূ নাছিমা (২৫), নাতি নিহাদ (৮) ও নিলয় (২), মেয়ে তাসলিমা (২৫), সোনিয়া (২০), নাতনি স্নেহা (৪), জামাই সেলিম (৩০) ও পুত্রবধূ মিনা (১৮)। তাঁরা নড়িয়া উপজেলার সুরেশ্বর ঘাট থেকে শরীয়তপুর-১ লঞ্চে ওঠেন। জলিলের স্বজনেরা জানান, গতকাল শহর বানু, একরাম, নাছিমা ও নিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্য ছয়জন গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিলেন।গতকাল দুপুরে পুটিয়া গ্রামে জলিলের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছিলেন জলিল হাওলাদার। চেতনা ফিরলেই বিলাপ করেন, ‘আমি কেন সবাইকে একসঙ্গে যেতে দিলাম। আল্লাহ, তুমি আমাকেও তুলে নিয়ে যাও। সবাইকে হারিয়ে আমি এখন কী নিয়ে বাঁচব।’ প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। জলিলের বিলাপ ছুঁয়ে যায় পুরো গ্রাম। গ্রামের মানুষ শোকে স্তব্ধ। জলিলের বাড়ির পাশেই খোঁড়া হয়েছে কবর। দাফনের সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। অপেক্ষা মরদেহ আসার।জলিলের মেয়ে পিয়ারা বেগম বলেন, ‘লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে গজারিয়ায় ছুটে আসি। পরিবারের চারজনের লাশ পেয়েছি। আমার বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশে বেরিয়ে সবাই চিরবিদায় নিল। এ শোক আমি কীভাবে কাটিয়ে উঠব।’