একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামে একই পরিবারের ছয়জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি। চিকিত্সকের ভাষ্য, চেতনানাশক দ্রব্য খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন। এলাকাবাসি জানায়, সমেতপুর গ্রামের কৃষক আবদুল আজিজ তাঁর জমির সরিষা তোলার জন্য গত রোববার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তিনজন শ্রমিক বাড়িতে নিয়ে আসেন। সোমবার রাতে শ্রমিকদের খাওয়ানো শেষে আবদুল আজিজ পরিবারের সদস্যদের নিয়ে খাবার খান। খাওয়ার পরপরই আবদুল আজিজ (৫০), তাঁর স্ত্রী মতিয়া বেগম (৪৫), বড় ছেলে উকিল উদ্দিন (৩০) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০) এবং ছোট ছেলে নূরুল ইসলাম (২৪) ও তাঁর স্ত্রী জুলেখা বেগম (১৯) বমি করতে শুরু করেন। একপর্যায়ে তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আইয়ুব আলী ও রাসেল নামে দুজন গ্রামবাসী জানান, এ ঘটনার পর থেকে তিন শ্রমিককে পাওয়া যাচ্ছে না। তাদের ধারনা, লুটপাটের উদ্দেশে ওই শ্রমিকরা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। কিন্তু প্রতিবেশীরা টের পাওয়ায় তারা সটকে পড়ে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ জামান বলেন, চেতনানাশক দ্রব্য খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ অসুস্থ কারও জ্ঞান ফেরেনি।