সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের বাড়বাড়িয়া এলাকায় গতকাল বিকেলে একটি ব্যক্তিগত গাড়ির চালক এবং ওই গাড়িতে থাকা একই পরিবারের ছয়জন নিহত হন।
এ ছাড়া শুক্রবার গভীর রাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ধামরাই: একই পরিবারের নিহত ছয়জন হলেন মানোয়ার হোসেন (৩৪) ও তাঁর স্ত্রী ফরিদা বেগম (২৫), ছেলে মেশকাদ (১), মেয়ে তোহা (আড়াই বছর), মানোয়ারের ভাবি দেলোয়ারা বেগম (৪০) ও দেলোয়ারার নাতিন সামিহা (আড়াই বছর)। তাঁদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম গ্রামে। নিহত গাড়িচালকের নাম ফারুক হোসেন। তাঁর বাড়ি শেরপুরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যক্তিগত গাড়িটি সাভার থেকে মানিকগঞ্জ যাচ্ছিল। পথে বেলা তিনটার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে একই দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি ঘুরে যায়। এ সময় মানিকগঞ্জের দিক থেকে আসা পদ্মলাইনের একটি বাস আবার ওই গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে বিপরীত দিক আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুই বাসের মাঝে পড়ে ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, দুর্ঘটনাস্থলেই মানোয়ার ও তাঁর স্ত্রী ফরিদা, ছেলে মেশকাদ ও চালক ফারুকের মৃত্যু হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মানোয়ারের মেয়ে তোহা, ভাবি দেলোয়ারা এবং দেলোয়ারার নাতনি সামিহার।
মানোয়ারের চাচাতো ভাই হেলাল উদ্দিন বলেন, মানোয়ার ও তাঁর ভাই মনির হোসেন থাকতেন সাভারের হেমায়েতপুরে। সেখানে থেকে মনির ব্যবসা করতেন আর মানোয়ার ইলেকট্রিকের কাজ করতেন। তাঁদের বড় ভাই আলতাব হোসেনের ছেলে আসতাক হোসেনের বউভাত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা গ্রামের বাড়ি আসছিলেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ব্যক্তিগত গাড়িসহ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে গোলড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ: শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াগাঁতী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত দুজন হলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাথরখাদা গ্রামের গৃহবধূ চায়না খাতুন (২০) ও ঢাকার সাভারের নগরকোন্ডা গ্রামের গৃহবধূ কুলসুম বেগম (৪০)। অন্যজনের (২৫) পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, অনীক পরিবহনের একটি বাস নীলফামারীর জলঢাকা থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রাক পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে ১৫ জন যাত্রী গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওই তিনজনের মৃত্যু হয়।
এ ছাড়া গতকাল সকালে রাজধানীর কুড়িল উড়ালসেতুর নিচে বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কে একজন এবং শুক্রবার রাতে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় সড়কে দুর্ঘটনায় একজন নিহত হন। গতকাল সকালে ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ী এলাকা ও ভালুকা উপজেলার হাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্টেশনে গতকাল ট্রাকের চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার মোহনগঞ্জে একজন, বগুড়া শহরের গোহাইল সড়কে একজন ও কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
[প্রতিবেদনটি তৈরিতে নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা সহযোগিতা দিয়েছেন]