একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ একজনের মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বাবা, মা ও মেয়ে অগ্নিদগ্ধ হয়েছে। এর মধ্যে মেয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বড়তলী গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মেয়ের নাম নোভা আক্তার (৬)। সে বড়তলী গ্রামের সবুজ মিয়ার মেয়ে। অগ্নিদগ্ধ হয়ে সবুজ মিয়া ও তাঁর স্ত্রী রিপা আক্তার ২৮ আহত হয়েছেন।
মোহনগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বড়তলী গ্রামে বিদ্যুৎ ছিল না। রাত আটটার দিকে ওই গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার বাড়িতে তাঁর মেয়ে নোভা আক্তার কুপিবাতি জ্বালিয়ে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে কুপিবাতির আগুন তার পরনের কাপড়ে লেগে ছড়িয়ে পড়ে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে সবুজ মিয়া ও রিপা আক্তারও অগ্নিদগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে নোভা মারা যায়।
মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন আহমদ জানান, সবুজ মিয়ার বাড়ি থেকে একটি কুপিবাতি ও কেরোসিন রাখার একটি প্লাস্টিকের কনটেইনার (জার) জব্দ করা হয়েছে।