একই পরিবারের তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো কালিয়াকৈর উপজেলার গাবতলী (খালপাড়) গ্রামের করিম মাস্টারের ছেলে শাকিল আহাম্মেদ (৩০), তাঁর স্ত্রী কহিনুর আক্তার (২২) ও তাঁদের মেয়ে রাওয়ান আক্তার (৩)। নিহতদের পরিবারের সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার ছাটিয়া গ্রামে অসুস্থ নানাশ্বশুরকে দেখতে শাকিল আহাম্মেদ তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে চড়ে সকালে রওনা দেন। বেলা ১১টায় ওই মহাসড়কের সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই তিনজন মারা যান। স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়। গোরাই হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল সাতটায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার মারকাজ মসজিদসংলগ্ন আবদুল হাইয়ের বাসভবনে ঢুকে যায়। এতে বাস চালকসহ ১২ জন যাত্রী গুরুতর আহত হয়। এ সময় ওই বাড়ির ১০ জন সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।