একই পরিবারের তিনজনসহ ছয় জেলায় নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় একই পরিবারের তিনজনসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে গত ৭৪ দিনে দেশের বিভিন্ন স্থানে নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ৬৪৫। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লার লালমাই উপজেলার বরল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। গত সোমবার রাত সোয়া ৯টায় এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান যুগল বিবি (৫৫), তাঁর মেয়ে ঝরনা আক্তার (৩০) ও ঝরনা আক্তারের স্বামী রাজ্জাক মিয়া (৪৫)। হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোরিকশার চালক বাচ্চু মিয়া (৩২)। দুর্ঘটনায় আহত হয় ঝরনা ও রাজ্জাক দম্পতির ছেলে মো. রাজু (৭) এবং তাঁদের প্রতিবেশী এছাক মিয়া (৩৫)। রাজুকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এছাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গন্ডামারা এলাকায়।

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে শওকাত হোসেন (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার ব্রজাবক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তিনি রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মরদেহ ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আবুল হাসান (২৮) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবুল হাসান মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নিছার আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হাজীর মোড়ের কাছে গতকাল বাসের ধাক্কায় মনজিলা খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি গ্রামের মো. আজিমের মেয়ে।

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, সকাল সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস মনজিলাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শেরপুরে মহাসড়কে ট্রাকের চাপায় নিহত হয়েছেন আমিরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি। গত সোমবার রাত আটটায় ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিরুল ইসলাম সিরাজগঞ্জের শুভগাছা টেংলাহাটা উচ্চবিদ্যালয়ের ‘খ’ শাখার প্রধান শিক্ষক ছিলেন। বাড়ি উপজেলার শেখর গ্রামে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরচালিত ট্রলি উল্টে রুবেল মোক্তার (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কচুবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। রুবেল মোক্তার উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের বাদল মোক্তারের ছেলে। তিনি ট্রলির চালক ছিলেন।