একই পরিবারের তিনজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। একই দিন দিনাজপুরের বিরামপুরে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও নাগেশ্বরী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাইটটারী গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫), তাঁর ছেলে জীম ইসলাম (১০) ও মিল্লাত হোসেনকে (৮) নিয়ে মোটরসাইকেলে করে নাগেশ্বরী কিন্ডারগার্টেন স্কুল ‘শিশু বিতানে’ যাচ্ছিলেন। পথে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের জামতলা এলাকায় একটি নৈশ কোচ ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে জীমের মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত জাহাঙ্গীর ও মিল্লাতকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে দুপুরে জাহাঙ্গীর ও মিল্লাত মারা যায়। খবর পেয়ে বিক্ষুব্ধ লোকজন সকাল সাড়ে আটটা থেকে ওই সড়ক অবরোধ করে রাখে। পুলিশের হস্তক্ষেপে তারা সকাল ১০টার দিকে সড়ক থেকে সরে যায়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে গতকাল সকাল আটটায় উত্তর ব্যাপারীহাট কদমতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নুরজাহান বেগমকে (৫৫) পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা দুইটায় তাঁর মৃত্যু হয়। নুরজাহান উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের আবদুস সবুরের স্ত্রী।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও বিরামপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পৌর শহরের পুরোনো বাজার মহল্লার পবন কুমার (৩৩) ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে হিলি থেকে বিরামপুরে ফিরছিলেন। পথে দুপুর সাড়ে ১২টার দিকে বিরামপুর-হাকিমপুর সড়কের বেগমপুর এলাকায় একটি ভটভটি তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত পবনকে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পবনকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে টহলরত পুলিশ ভটভটিচালক আবদুল খালেক (২২) ও তাঁর সহকারী সোহেল রানাকে (২০) আটক করে। এ ঘটনায় পবনের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।