খুলনার দিঘলিয়া উপজেলার কেলুটা গ্রামে গত বৃহস্পতিবার রাতে ডাকাত দলের হামলায় কলেজছাত্রসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলো অনিল মৈত্রের ছেলে অমিত্র মৈত্র, অসিত মৈত্র ও মেয়ে বিথিকা। এদের মধ্যে অমিত্র ও অসিতকে গুলিবিদ্ধ ও বিথিকাকে ধারালো অস্ত্রের কোপে জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি বিএল কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অমিত্র জানান, রাত তিনটার দিকে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল তাঁদের বাড়িতে হামলা চালায়। ডাকাতেরা প্রথমে ঘরের বারান্দায় ঘুমন্ত তাঁর বাবা অনিলকে মারধর করে। তাঁর চিৎকারে ঘরের বাইরে এসে ডাকাতদের বাধা দিলে তারা গুলি চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকেসহ অন্যদের জখম করে। পরে স্বর্ণালংকারসহ ঘরের মালাপত্র লুট করে নিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।