
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল রোববার দ্রুতগতির যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ছাড়া গত শনিবার থেকে গতকাল বিকেল পর্যন্ত আরও ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক স্কুলছাত্রীসহ সাতজনের।
এ নিয়ে গত ১৪৬ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ১ হাজার ৩২৩ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গতকাল দুপুরে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত একই পরিবারের তিনজন হলেন যশোর শহরের বাসিন্দা মিঠু (৩২), তাঁর স্ত্রী সুমী (২৮) ও তাঁদের তিন বছরের সন্তান (নাম জানা যায়নি)। নিহত অপরজন এক নারী (২৩), তাঁরও পরিচয় পাওয়া যায়নি।
সংঘর্ষে ট্রাকটি ছিটকে মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছন থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানও এর সঙ্গে সংঘর্ষে জড়ায়। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে ঘটনার পর দুর্ঘটনাপ্রবণ এ এলাকায় গতিরোধক স্থাপনের দাবিতে স্থানীয় ব্যক্তিরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে গতিরোধক স্থাপনের ঘোষণা দিলে বেলা সাড়ে তিনটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাগুরা থেকে সোহাগ পরিবহনের ওই বাসে ওঠা যাত্রী চান মিয়া (২৬) জানান, তিনি বাসের পেছনের দিকে ছিলেন। চালক বাসটি অত্যন্ত বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও তিন বছরের শিশুসন্তান আহত হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ার গোপীনাথপুর এলাকায় গতকাল দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী খাদিজা খাতুন (১৪) নিহত হয়েছে। সে সাতক্ষীরার ঝাউডাঙ্গা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও কলারোয়ার ওয়ারিয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে। ইঞ্জিনচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল খাদিজা। পথে একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এ সময় বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।
এর আগে শনিবার রাতে ব্যাংদহা-সাতক্ষীরা সড়কে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে মারা যান বৃদ্ধ আবদুল হামিদ (৭০)। তাঁর বাড়ি সাতক্ষীরা সদরের ফিংড়ি গ্রামে।
লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কের মধুপুরে গতকাল ভোরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক মহিউদ্দিন (৩৪) নিহত হন। মহিউদ্দিন উপজেলার চরলক্ষ্মী গ্রামের আবুল বাশারের ছেলে।
রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় গতকাল বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তৈয়বুর রহমান (১৭) নিহত হয়েছে। সে পাবনার সুজানগরের খয়রান গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত সখিনা খাতুন (৬০) নামের একজন নারী শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার বাগড়া চকপোতা গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। একই দিন সকালে নন্দীগ্রাম সড়কের বাগড়া চকপোতা স্থানে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আহত হয়েছিলেন তিনি।
নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়ায় ডালিয়া-রংপুর সড়কে গতকাল বিকেলে চলন্ত বাস থেকে পড়ে একটি বাসের চালকের সহকারী আবদুল খালেক (১৫) মারা গেছেন। লালমনিরহাটের হাতীবান্ধার মিলনবাজার গ্রামের সমসের আলীর ছেলে তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ মোহাম্মদ শফিউল্লাহ (৬০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি মহাসড়ক পার হচ্ছিলেন।