একই পরিবারের নয়জনকে অচেতন করে মালামাল লুট
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের একটি পরিবারের নয় সদস্যকে অচেতন করে মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে গ্রামের রহিম উদ্দিন হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন গতকাল বৃহস্পতিবার সকালে ওই পরিবারের নয় সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক নূরুল আবছার বলেন, রোগীদের অবস্থা দেখে মনে হচ্ছে, তাদের নেশাজাতীয় কোনো কিছু শোঁকানো হয়েছিল। তাদের জ্ঞান ফিরতে শুরু করেছে। তবে, পুরোপুরি জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে। সোনাইমুড়ী থানার এএসআই আবদুল আলিম বলেন, বুধবার রাতে ওই পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল সকাল সাড়ে আটটার সময়ও বাড়ির কারও সাড়া-শব্দ না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। এ সময় প্রতিবেশী লোকজন এসে ঘরের ভেতর ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। আবদুল আলিম জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অচেতন করে মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।