দিনমজুর আশ্রাফ আলী (৫৫) ও তাঁর চার সন্তান বাক্প্রতিবন্ধী। সাত সদস্যের পরিবারের পাঁচজন প্রতিবন্ধী হওয়ায় সংসার সামলাতে হিমশিম খাচ্ছেন আশ্রাফের স্ত্রী মঞ্জিলা বেগম (৪৫)। এই দম্পতির বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব গ্রামে।
এ ছাড়া গন্ধর্ব গ্রামের আরও ১৬টি পরিবারে ১৯ জন প্রতিবন্ধী রয়েছে। গ্রামটি ‘প্রতিবন্ধী গ্রাম’ হিসেবে স্থানীয় ব্যক্তিদের কাছে পরিচিতি।
কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ বলেন, বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সরকারিভাবে এ উপজেলায় প্রতিবন্ধীদের জন্য কোনো কর্মসূচি নেওয়া হয়নি। এ কারণে তিনি ব্যক্তিগতভাবে প্রতিবন্ধীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটু ভালো খাবারের আয়োজন করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের পর নৌবাহিনী গন্ধর্ব গ্রামে আটটি ব্যারাক নির্মাণ করে। সেখানে ৮০টি গৃহহীন পরিবার বসবাস করছে। ব্যারাকের বাসিন্দা আশ্রাফ ও তাঁর চার সন্তান শারমিন আক্তার (১৪), মো. রিয়াজ (১২), মো. রিজাম (৮) ও মো. রিফাত (৬) কথা বলতে পারে না। ব্যারাকের বাসিন্দা দিনমজুর আকুব্বর আলীর দুই মেয়ে তানজীলা (১৭) ও আসমা (১৩) শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী, দিনমজুর বাবুলের দুই ছেলে রমজান মিয়া (১০) ও নাবিল (৮) বাক্প্রতিবন্ধী, দিনমজুর সরোয়ারের মেয়ে সুখী (৮) ও সরোয়ারের ভাই চুন্দুর ছেলে স্বাধীন (৭) শারীরিক প্রতিবন্ধী। এ ছাড়া আরও ১৩টি পরিবারে ১৩ জন প্রতিবন্ধী রয়েছে।
মঞ্জিলা বলেন, স্বামী বাক্প্রতিবন্ধী হওয়ায় তিনি তেমন কাজ পান না। তবে তাঁদের তিন সন্তান পড়াশোনা করছে। স্থানীয় দত্তের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে শারমিন চতুর্থ শ্রেণিতে, ছেলে রিয়াজ তৃতীয় শ্রেণিতে ও রিফাত প্রথম শ্রেণিতে পড়ে।
আবদুল লতিফ বলেন, প্রতিবন্ধী শিশুদের পরিবার ও সমাজ বোঝা হিসেবে দেখে। আমি তাদের কথা চিন্তা করে প্রতিবন্ধী স্কুল করেছি। প্রতি বৃহস্পতি ও শুক্রবার গন্ধর্ব গ্রামে গিয়ে প্রতিবন্ধী শিশুদের লেখাপড়া শেখাচ্ছি। তাঁর স্কুলে পড়াশোনা করার পর আশ্রাফের তিন সন্তান এখন স্থানীয় বিদ্যালয়ে লেখাপড়া করছে।
কাউখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী গোলাম কবির বলেন, এ উপজেলায় ৭০৮ জন প্রতিবন্ধীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ২৫৩ জন মাসে ৫০০ টাকা করে ভাতা পাচ্ছে। গন্ধর্ব গ্রামের আশ্রাফ আলীর পরিবারের দুজন সদস্য ভাতা পায়। এ বছর নতুন করে আরও ১৩৫ জন প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হবে। গন্ধর্ব গ্রামের বাদ পড়া প্রতিবন্ধীদের ভাতা কার্যক্রমের আওতায় আনা হবে।
প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, আয়োডিনের অভাব, গর্ভবতী মায়ের অসচেতনতা, প্রসবকালীন সমস্যা ও বংশগত কারণে সাধারণত প্রতিবন্ধী শিশু জন্ম নেয়। এ ছাড়া গ্রাম ও চরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবার অভাব ও সন্তান প্রসবের সময় অদক্ষ ধাইয়ের কারণেও প্রতিবন্ধী শিশু জন্ম নিতে পারে।