একই পরিবারের সাতজনসহ নিহত ৮, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের ফকিরাবাদ এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই প্রাইভেটকারের যাত্রী।নিহত ব্যক্তিরা হলেন, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের সুজন উদ্দিন (৪৫), তাঁর লন্ডন-প্রবাসী ভাই হাবিব উদ্দিন (৩৫), হানিফ উদ্দিন (৩০), সালাউদ্দিন (২২), তাঁর বোন শামীমা (১১), সুজন মিয়ার মেয়ে সীমা বেগম (৯), ছেলে হূদয় (৪) ও প্রাইভেটকারের চালক আনোয়ার মিয়া (৩০)। তাঁর বাড়ি একই উপজেলার ইনাতগঞ্জ রমজানপুর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমানীনগর ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং তাজপুর ফায়ার ব্রিগেডের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে প্রাইভেটকারটি কেটে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, বিকেল তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ফকিরাবাদ নামক স্থানে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নবীগঞ্জের ইনাতগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের সাতজনসহ আটজন মারা যায়। সূত্র জানায়, দুর্ঘটনায় বাসের ৩০ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ১০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, নিহত সুজন মিয়া তাঁর লন্ডন-প্রবাসী ভাই হাবিবকে আনার জন্য দুই ভাই, এক বোন ও দুই সন্তানকে নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ভাইকে নিয়ে প্রাইভেটকারযোগে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেন, শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র দুই কিলোমিটার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘণ্টা পর। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। তবে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।সুজন মিয়ার আত্মীয় খোকন মিয়া বলেন, পরিবারের সাত সদস্যকে হারিয়ে সুজন মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম।