একই পরিবারের ১৫ সদস্য দৃষ্টিপ্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্তের কুয়াশামাখা সকাল। সূর্য তখনো ওঠেনি। দৃষ্টিপ্রতিবন্ধী নয়জন লোক বাড়ি থেকে বের হচ্ছেন বগুড়া শহরে যাওয়ার জন্য। শহরে গিয়ে তাঁরা ভিক্ষা করবেন।সোমবার বগুড়ার সোনাতোলা উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়া গ্রামে গিয়ে এ দৃশ্য চোখে পড়ল। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, এই নয়জনসহ পরিবারের ১৫ জন সদস্য জন্মান্ধ। ভিক্ষা করেই তাঁদের জীবন চলছে। উপজেলা সদর থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে বালুয়া গ্রামটির অবস্থান। সেখানেই পরিবারটির বাস। পরিবারের বয়োজ্যেষ্ঠ আসাদুজ্জামান (৮৪) বলেন, তাঁর দুই ছেলে মোশারফ হোসেন ও মিঠুল মিয়া, মেয়ে মোর্শেদা বেগম, দুই ভাই ইদ্রিস আলী মণ্ডল, ইউনুছ আলী মণ্ডল (৩২), বোন এজেদা খাতুন (৪৬) জন্ম থেকেই অন্ধ। মেয়ে মোর্শেদার দুই বছরের এক ছেলে এবং ছেলে মিঠুল মিয়ার ১০ বছরের এক মেয়েও জন্মান্ধ।আসাদুজ্জামানের ভাই ইদ্রিসের এক মেয়ে ও ইউনুছের এক মেয়ে জন্মান্ধ। আসাদুজ্জামানের চাচা মংলু মণ্ডলের ছেলে সাহেব আলী মণ্ডল ও তাঁর (সাহেব) এক ছেলে ও এক মেয়ে জন্মান্ধ। এ ছাড়া চাচা নুরুল ইসলাম ও তাঁর ছেলে শরিফুল ইসলাম অন্ধ হয়ে জন্মেছেন।এই পরিবারের জন্মান্ধ পুরুষ সদস্যরা বংশানুক্রমে বগুড়া শহরে গিয়ে ভিক্ষে করে জীবন চালান। কয়েকটি বসতঘর ছাড়া পরিবারটির আর কোনো সম্পত্তি নেই। পরিবারের প্রধান আসাদুজ্জামান এখনো ভিক্ষে করেন শহরে গিয়ে। আসাদুজ্জামান বলেন, তাঁরা বগুড়া ও ঢাকায় চিকিৎসকের কাছে গিয়েছেন। চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, জন্মান্ধ হওয়ায় তাঁদের চোখ আর ভালো হবে না। তাঁর বাবা-দাদারাও জন্মান্ধ ছিলেন।আসাদুজ্জামান বলেন, ভিক্ষা খুব খারাপ পেশা। তাঁরা ভিক্ষা করে জীবনধারণ করতে চান না। কিন্তু বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে ভিক্ষা করতে হচ্ছে তাঁদের। আসাদুজ্জামানের ছেলে মোশারফ হোসেন বলেন, ‘বুদ্ধি হবার পর থেকে বগুড়া শহরে গিয়ে ভিক্ষা করি। দিন শেষে দেড় শ থেকে ২০০ টাকা পাই। তাই দিয়ে আমার সংসার চলে। সরকার থেকে যদি স্থায়ী কোনো ব্যবস্থা করে দিত, তা হলে আর আমাদের ভিক্ষা করতে হতো না।’সাহেব আলী মণ্ডল বলেন, ‘আমরা এতগুলো মানুষ অন্ধ, অথচ এই পরিবারের দুইজনকে বয়স্ক ভাতা দেওয়া হয়েছে। প্রতিবন্ধী হিসেবে কোনো সাহায্যেই আমরা পাচ্ছি না।’ বালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, এই পরিবারের সদস্যরা জন্ম থেকেই প্রতিবন্ধী। সরকারি কোনো সাহায্য পেলে তাঁদের জন্য কিছু দেওয়া হয়। বগুড়া মিশন হাসপাতালের চক্ষুবিশেষজ্ঞ জিল্লুর রহমান বলেন, যেহেতু পরিবারের বেশির ভাগ সদস্যই অন্ধ, তাই এ অন্ধত্বের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তাঁদের চোখ ভালো হবে কি না, তা পরীক্ষা না করে বলা সম্ভব নয়।সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল বলেন, ওই পরিবারের বিষয়টি তিনি জেনেছেন। তাঁদের চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।