একই পরীক্ষায় দুই নিয়ম!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় গতকাল কয়েকটি কক্ষে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হলেও অন্যান্য কক্ষে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এ ছাড়া বিষয়টি লিখিতভাবে উপাচার্যকে জানানোর লক্ষ্যে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা একত্র হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশের ধাওয়ায় শিকার হন বলে অভিযোগ করেন তাঁরা।একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গতকাল দুইটা ৩০ মিনিটে অনুষ্ঠিত ‘ছ’ ইউনিটভুক্ত ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) প্রথম পালার পরীক্ষার সময় সমাজবিজ্ঞান ভবনের ২৪৬ নম্বর কক্ষে ক্যালকুলেটর ব্যবহার করতে দেননি দায়িত্বরত শিক্ষকেরা। কিন্তু নতুন কলাভবন ও সমাজবিজ্ঞান ভবনের কয়েকটি কক্ষে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিষয়টি জানার পর বিকেল চারটার দিকে গণিত ও পরিসংখ্যান ভবনের সামনে জড়ো হন। পরে তাঁরা বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরকে জানানোর সিদ্ধান্ত নেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আজীম উদ্দিনসহ বিএনসিসির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু শিক্ষার্থীরা নির্দেশ না মানায় ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত পুলিশ সদস্যরা পরে লাঠি নিয়ে তাঁদের ধাওয়া করলে শিক্ষার্থীরা সেখান থেকে পালিয়ে যান।নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আজীম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা তাঁদের অভিযোগ জানালে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানানোর অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা কথা না শুনে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পরে বিএনসিসি ও পুলিশ সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। কোনো ধাওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।