একই প্রশ্নপত্রে দুই শ্রেণীর পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা চলছে। গতকাল বৃহস্পতিবার ছিল পরিবেশ পরিচিতি বিজ্ঞান পরীক্ষা। কিন্তু সকালে পরীক্ষা শুরুর পর দেখা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্রের ওপরে আলাদাভাবে দুই শ্রেণীর কথা উল্লেখ থাকলেও ভেতরে প্রশ্ন এক। পরে শিক্ষকেরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বোর্ডে ইচ্ছেমতো কয়েকটি প্রশ্ন লিখে দেন এবং পরীক্ষা নেন। এ ছাড়া অন্য পরীক্ষার প্রশ্নপত্রেও বানান ভুল ও বাক্য গঠনে নানা অসংগতি ছিল।শিক্ষক ও অভিভাবকেরা জানান, উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে গত শনিবার থেকে। কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বাগচী ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল শাল্লায় নেই। গতকাল পরিবেশ পরিচিতি বিজ্ঞান পরীক্ষায় দুই শ্রেণীর একই প্রশ্ন পাওয়ার পর শিক্ষকেরা তাঁদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। তাঁরা পরামর্শ দেন, বোর্ডে লিখে একভাবে পরীক্ষা নিয়ে নিতে। এরপর বিদ্যালয়ের শিক্ষকেরা ইচ্ছেমতো প্রশ্ন করে পরীক্ষা নেন। কয়েকজন শিক্ষক জানান, শুধু গতকালের পরীক্ষায় নয়, সমাজ পরীক্ষার প্রশ্নপত্রের ওপরে শাল্লা উপজেলার স্থলে লেখা ছিল রাজনগর উপজেলা। এবারের প্রতিটি প্রশ্নেই বহু বানান ভুল ছিল। বাক্য গঠনেও ছিল নানা ভুলভ্রান্তি। তাঁরা জানান, নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন নিয়ে সেই প্রশ্ন বাছাই কমিটির মাধ্যমে চূড়ান্ত করে পরে ছাপানোর কথা। কিন্তু এবার প্রশ্নপত্র প্রণয়নে শিক্ষকদের সম্পৃক্ত করা হয়নি। শিক্ষা কর্মকর্তারা সিলেটের একটি প্রেস থেকে এসব প্রশ্ন কিনে আনেন।সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ‘আমি প্রশিক্ষণে ছিলাম, চলে এসেছি। স্যার ছুটিতে ছিলেন, তিনিও আজ (বৃহস্পতিবার) এসেছেন। আসলে প্রুফ না দেখায় সমস্যা হয়েছে। প্রশ্ন এক হলেও ক্যাটাগরি ভিন্ন ছিল।’শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বাগচী বলেন, ‘ভুলটা আসলে প্রেস করেছে। আমরা শিক্ষকদের বলেছি, তাঁরা যেন তাঁদের মতো করে পরীক্ষাটা নিয়ে নেন। তাই একই প্রশ্নে দুই শ্রেণীর পরীক্ষা হয়েছে বলা যাবে না।’