একই বংশের পাঁচজন জনপ্রতিনিধি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে একই বংশ থেকে চেয়ারম্যানসহ পাঁচজন নির্বাচিত হয়েছেন। তাঁদের তিনজনই নারী। গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় ও প্রার্থীদের পারিবারিক সূত্রে জানা যায়, আবদুস ছালাম আকন ৫ হাজার ৩৭ ভোট পেয়ে মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী সদস্য হয়েছেন আবদুস ছালাম আকনের চাচাতো বোন রানী বেগম (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) ও বিউটি বেগম (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড)। ছালাম আকনের আপন ভাইয়ের মেয়ে ঝুমা আক্তার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হয়েছেন চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের ছেলে ওমর ফারুক আকন। তিনি ১২ বছর ধরে ইউপি সদস্যের দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ছালাম আকনের ভাগনে মামুন হাওলাদার ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম আকন বলেন, ‘ঘটনা এমন হতে পারে, তা আমি কখনো ভাবিনি। এখন গোষ্ঠীর সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করব।’
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবুবকর সিদ্দিক বলেন, এক বংশ থেকে একসঙ্গে এতগুলো প্রার্থীর নির্বাচিত হওয়ার ঘটনা বিরল। যোগ্যতার বিচার করে সাধারণ মানুষ তাঁদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।