একই বাড়িতে দুই ওয়ার্ডের ভোটার
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় একই বাড়ির বাসিন্দারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন দুইটি ওয়ার্ডে। এতে তাঁরা যতটা না বিড়ম্বনায় পড়েছেন, তার চেয়ে বেশি অবাক হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ওই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধানগড়া উত্তর পাড়ায় নজির হোসেনের বাড়িতে গিয়ে জানা যায়, এ বাড়ির বাসিন্দাদের মধ্যে ছয় নারীর নাম ১ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় থাকলেও কোনো পুরুষের নাম নেই। ওই বাড়ির সব পুরুষই ৪ নম্বর ওয়ার্ডের ভোটার।
ওই বাড়ির মেয়ে স্থানীয় ইউনিভার্স একাডেমির শিক্ষিকা রমিনা খাতুন প্রথম আলোকে বলেন, মা ছাড়াও তাঁর এক বোন এবং তিন ভাবি ১ নম্বর ওয়ার্ডের ভোটার। আর বাবা ছাড়াও তাঁর চার ভাই ও দুই ভাতিজা ৪ নম্বর ওয়ার্ডের ভোটার। এতে এক বাড়িতে থেকেও দুই ওয়ার্ডের বাসিন্দা হয়ে গেছেন তাঁরা।
এ বাড়িরই বাসিন্দা উপজেলা জাসদের (ইনু) সভাপতি মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বলেন, ‘কেন এমন হলো বুঝতে পারছি না।’
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়ের ভাষ্য জানতে চাইলে তিনি এ ধরনের সমস্যা হলে ভোটার স্থানান্তর আবেদন করে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।