সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভার একটি বাড়ির বাসিন্দারা দুই ওয়ার্ডের ভোটার। গতকাল মঙ্গলবার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধানগড়া উত্তর পাড়ায় নজির হোসেনের বাড়িতে গিয়ে এই তথ্য জানা গেছে।
এই বাড়ির নারীরা ১ নম্বর ওয়ার্ডের ভোটার। কিন্তু পুরুষদের নাম রয়েছে ৪ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায়।
বাড়ির বাসিন্দা রমিনা খাতুন প্রথম আলোকে বলেন, ‘মাসহ, এক বোন ও তিন ভাবি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আবার বাবাসহ চার ভাই ও দুই ভাতিজা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাই ভোটার তালিকায় দুই ওয়ার্ডের মানুষ হয়ে গেছি আমরা।’
এই বাড়ির আরেক বাসিন্দা জাসদ (ইনু) উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বলেন, ‘কেন এমন হলো বুঝতে পারছি না।’
সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় এ ধরনের সমস্যা হলে ভোটার স্থানান্তর আবেদনের মাধ্যমে সমাধান করার পরামর্শ দেন।