একই বিশ্ববিদ্যালয়ের দুই দাবিদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বিলবোর্ডের আকার, বাংলা ও ইংরেজিতে বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও ক্লাস শুরুর সময়, ওয়েবসাইট ঠিকানা—সবই এক। এমনকি দুটিতেই লাল কালিতে লেখা রয়েছে, ‘আমাদের কোথাও কোনো শাখা নেই’। পার্থক্য শুধু ক্যাম্পাসের ঠিকানা ও ফোন নম্বরগুলো। বেসরকারি বিশ্ববিদ্যালয় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের এই দুটি বিলবোর্ডের একটি রয়েছে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায়। অন্যটির অবস্থান আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাদামদতলী মোড়ে। একটি থেকে অন্যটির দূরত্ব কেবল দেড় কিলোমিটার। নগরের দেওয়ানহাট ওভারব্রিজের পাশে বিলবোর্ডে লেখা রয়েছে, ‘মেহেদীবাগ ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চলছে’। আর বাদামতলী মোড়ের কাছাকাছি বিলবোর্ডটিতে লেখা হয়েছে, ‘জিইসি ও হালিশহর ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চলছে’। বিশ্ববিদ্যালয় মঞ্জুুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট ও সাম্প্রতিক প্রজ্ঞাপনে চট্টগ্রামে ছয়টি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে শুধু সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মেহেদীবাগ ক্যাম্পাসের নামই রয়েছে। এ ব্যাপারে সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (মেহেদীবাগ মূল ক্যাম্পাস) প্রতিষ্ঠাতা ও ট্রেজারার সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত। আমরা শিক্ষার্থীদের অযথা হয়রানি ও প্রতারণা থেকে বাঁচতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানাব। কারণ, আমরা ইউজিসির অনুমোদিত বিশ্ববিদ্যালয়। আমরা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সনদ দেওয়ার অধিকার কারও নেই।’ সাদার্ন বিশ্ববিদ্যালয় হালিশহর, জিইসি মোড় ক্যাম্পাস পরিচালনাকারী মো. সেলিম উদ্দিন বলেন, ‘সাদার্ন বিশ্ববিদ্যালয় মেহেদীবাগ ক্যাম্পাসের সঙ্গে চুক্তির ভিত্তিতে আমরা ক্যাম্পাস চালাচ্ছি। আমাদের শিক্ষার্থীদের অনুরোধেই আমরা বিলবোর্ডটি বসিয়েছি। আলাদা কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে নয়। কারণ, তাদের বিলবোর্ডে শুধু মেহেদীবাগ ক্যাম্পাসের কথা উল্লেখ করেছে। তখন আমাদের ছাত্ররা অনুরোধ করেন, হালিশহর ও জিইসি মোড় ক্যাম্পাসের নাম দিয়ে আর একটি বিলবোর্ড করার জন্য।’ সেলিম আরও বলেন, ‘আমরা কাউকে সনদ দিচ্ছি না। চুক্তি অনুযায়ী মেহেদীবাগ থেকেই সনদ দেওয়ার কথা। কিন্তু ২০১০ সালে মঞ্জুরি কমিশনের অধ্যাদেশ জারির পর মেহেদীবাগ কর্তৃপক্ষ আমাদের ক্যাম্পাস পরিচালনার ব্যাপারে বাধা দিলে আমরা আদালতের শরণাপন্ন হই। বর্তমানে এ ব্যাপারে মামলা চলছে। আমাদের সম্পর্ক তো মেহেদীবাগের সঙ্গে। মঞ্জুরি কমিশনের সঙ্গে নয়। তারা নানা অজুহাতে আমাদের শিক্ষার্থীদের হয়রানি করছে। আমি মনে করি, দুই পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এর সমাধান হতে পারে।’খোঁজ নিয়ে জানা যায়, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সূচনায় হালিশহর এলাকার এল ব্লক ও জিইসি মোড় এলাকার দুটি শাখা ক্যাম্পাস খোলার ব্যাপারে মূল ক্যাম্পাসের সঙ্গে চুক্তি হয়।চুক্তির কথা স্বীকার করে সারোয়ার জাহান বলেন, ‘চুক্তিতে সরকারি নির্দেশনার ওপর চুক্তির রদবদলের বিষয়টিও উল্লেখ রয়েছে। সেই হিসেবে আমরা হালিশহর ও জিইসি মোড় শাখা বন্ধ করে দিয়েছি। এখানকার কোনো শিক্ষার্থী সনদ নিতে চাইলে এখানে এসে মূল্যায়ন পরীক্ষা নেওয়ার পরই সনদ দেওয়া হবে। না হলে নতুন করে ভর্তি হতে হবে।’