একই বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে প্রতিবছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর ও দিরাই উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রতিবছর বেড়িবাঁধ নির্মাণ করছে। কৃষকেরা স্থায়ী সমাধানের জন্য নদী খননের জোর দাবি জানালেও পাউবোর কর্মকর্তারা আর্থিক সুবিধার লোভে খননের উদ্যোগ না নিয়ে বছর বছর বেড়িবাঁধ নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।
হাওরপারের কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরের ভূরাখালী গ্রামসংলগ্ন কামারখালী নদী থেকে হান্দুয়াবিল ও হান্দুয়াবিল থেকে তেলইতল পর্যন্ত ৫০০ মিটার নদী খনন করলে ওই এলাকায় প্রতিবছর আট কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করতে হবে না। এতে সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি জগন্নাথপুরের নলুয়ার হাওরসহ দিরাই উপজেলার কচুয়ারানী ও চাতল বিল হাওরের ফসলও রক্ষা পাবে।
উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, নিচু জায়গার হওয়ায় ওই আট কিলোমিটার এলাকা প্রতিবছর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। বন্যা কিংবা সামান্য বৃষ্টিতেই ওই বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে দুই উপজেলার ফসলহানির উপক্রম হয়। তাই নদী খনন করা খুবই জরুরি।
জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘আশা করেছিলাম, এবার সরকারি অর্থের অপচয় রোধে বাঁধ নির্মাণের পরিবর্তে নদী খনন করা হবে। কিন্তু নদী খনন হলে বছর বছর বাঁধ নির্মাণ থেকে পাওয়া আর্থিক সুবিধা বন্ধ হয়ে যাবে বলে পাউবোর কর্মকর্তারা খননের উদ্যোগ নিচ্ছেন না। ফলে ঘুরেফিরে প্রতিবছর একই কাজ করা হচ্ছে।’
পাউবোর সুনামগঞ্জ দপ্তরের মাঠ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, দুই উপজেলার কৃষকের দাবির পরিপ্রেক্ষিতে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। এটি অনুমোদন না হওয়ায় এবারও প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে কাজ করতে হচ্ছে। এখানে আর্থিক সুবিধা নেওয়ার কোনো বিষয় নেই। নদী খনন করলে বেড়িবাঁধের প্রয়োজন হতো না।
বেড়িবাঁধ নির্মাণ তদারক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, নলুয়ার হাওরের ফসল রক্ষায় অতিরিক্ত বাঁধ নির্মাণের পরিবর্তে নদী খননের বিষয়টি নিশ্চিত করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন না হওয়ায় নদী খনন সম্ভব হচ্ছে না।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ বলেন, ‘আমি এই জেলায় নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’