গাজীপুরের শ্রীপুর থানার অদূরে পৌর এলাকার আমতলী মোড়ে মোখলেছুর রহমান নামের একজন ব্যবসায়ীর ভবনে ডাকাতি হয়েছে। ডাকাতেরা তিনটি বাসা থেকে চার লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার ও অন্য মূল্যবান সামগ্রী লুট করেছে।ডাকাতদের দায়ের কোপে দুজন আহত হয়েছে। গত সোমবার গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন মোখলেছুর রহমান (৫৫) ও তাঁর গৃহকর্মী রাশেদা আক্তার (৪৫)। গুরুতর আহত অবস্থায় মোখলেছুর রহমানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রায় ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা চললেও পুলিশকে খবর দেওয়ার এক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে আসে বলে ভুক্তভোগী পরিবারগুলো ও এলাকাবাসী অভিযোগ করেছেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ২০-২২ জনের সশস্ত্র ডাকাত দল ভবনটি ঘেরাও করে কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা প্রথমেই নিচতলার ভাড়াটিয়া সাইফুল ইসলামের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা তাঁর দুই শিশুসন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন লাখ ৭০ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন লুটে নেয়।একই কায়দায় দ্বিতীয় তলায় গিয়ে মোখলেছুর রহমানের ঘরে প্রবেশ করে। এ সময় বাধা দিলে ডাকাতদের দায়ের কোপে মোখলেছুর রহমান ও তাঁর গৃহকর্মী আহত হন। ডাকাতেরা ঘর থেকে ২৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন লুট করে। পরে তৃতীয় তলার ভাড়াটিয়া আসলাম সিদ্দিকের ঘরে ঢুকে পাঁচ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, দুটি মুঠোফোন লুট করে এবং গৃহকর্ত্রীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে।