একই মঞ্চে আ.লীগের সাংসদ ও জামায়াতের বিতর্কিত নেতা সুবহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকায় থাকা আবদুস সুবহানের সঙ্গে একই মঞ্চে বক্তব্য দিলেন পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খোন্দকার। জামায়াত-নিয়ন্ত্রিত পাবনার ইমাম গায্যালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসির কৃতী ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে গত শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের নেতা আবদুস সুবহান সভাপতি ও আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুর রহমান ওরফে মানিকসহ দলটির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ইমাম গায্যালী স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে শনিবার এসএসসি পরীক্ষায় ভালো ফল করায় ৭১ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্যদের সভাপতি হিসেবে জামায়াতের নেতা মাওলানা আবদুস সুবহান উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলছি। এমন অবস্থায় যুদ্ধকালীন বিতর্কিত ভূমিকায় থাকা একজন ব্যক্তির সঙ্গে একই মঞ্চে ওঠা আওয়ামী লীগের নেতাদের ঠিক হয়নি। এতে দলের ভাবমূর্তি নষ্টের আশঙ্কা রয়েছে।’জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ইসহাক বলেন, ‘একজন সাংসদ হিসেবে গোলাম ফারুক খোন্দকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান অতিথি হবেন, এটা স্বাভাবিক। তবে দলীয় অবস্থান থেকে যুদ্ধকালীন বিতর্কিত কোনো ব্যক্তির সঙ্গে আমাদের সহাবস্থান হতে পারে না। জামায়াতের ওই নেতা নিজেকে পরিচ্ছন্ন করার কৌশল হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।’জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক হাবিবুর রহমান জানান, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কাজ শুরু করেছে। এ অবস্থায় একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে একই মঞ্চে সরকারি দলের সাংসদের উপস্থিত থাকার বিষয়টি দুঃখজনক।সাংসদ ও আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক খোন্দকার বলেন, ‘ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। কোনো দলীয় নিয়ন্ত্রণে নয়, শিক্ষাপ্রতিষ্ঠান তার নিজস্ব গতিতে চলবে—এ বিষয়টি জানাতেই আমি সেখানে গিয়েছিলাম। আবদুস সুবহান ওই প্রতিষ্ঠানে বর্তমান সভাপতির দায়িত্বে থাকায় তিনিও সেখানে উপস্থিত হন।’