সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের চার নেতা একই মঞ্চে প্রচার চালাচ্ছেন।
তাঁদের ধারণা, এতে দলীয় মতবিরোধ কমবে।
দলীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আগামী ৩০ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে রায়গঞ্জ পৌর নির্বাচন। এতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চারজন হলেন: উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হানিফ উদ্দিন সরকার, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাজী আকছারুল আলম সরকার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ আকন্দ।
ইতিমধ্যে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই চার নেতা তাঁদের অবস্থান তুলে ধরেছেন। বাকি ওয়ার্ডেও একই মঞ্চে সভা করার প্রস্তুতি চলছে। তাঁরা বলেন, ওয়ার্ডের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দল প্রার্থী মনোনীত করবে। কেন্দ্রের নির্দেশে যাঁকেই চূড়ান্ত মনোনীত করা হোক তাঁরা মেনে নেবেন।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সম্ভাব্য প্রার্থীরা একসঙ্গে বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় করছেন। এতে নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের অনেক বিষয়ে কথা হচ্ছে। আগামী নির্বাচনে জয়লাভে এটা কাজ দেবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।