একই মঞ্চে বাদী ও আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে এক অনুষ্ঠানে একই মঞ্চে বক্তৃতা দেন এক মামলার বাদী ও আসামি। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা দেন এই দুজন।

বাদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান এবং আসামি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর আওতায় ধামরাইয়ের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের তালিকা থেকে মোহাদ্দেস হোসেনের পছন্দের চারটি বিদ্যালয়ের নাম বাদ দিয়ে দেন স্থানীয় সাংসদ এমএ মালেক। এতে ক্ষুব্ধ হয়ে মোহাদ্দেস গত সোমবার শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানকে তাঁর কার্যালয়ে গিয়ে মারধর করেন। পরের দিন মঙ্গলবার দৌলতর রহমান মোহাদ্দেসের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেন।
ধামরাই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিষদ মিলনায়তনে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এমএ মালেক। তিনি অনুষ্ঠানস্থলে দেরিতে আসেন। তিনি আসার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শামীম রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জিয়াসমিনের উপস্থিতিতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তবে সাংসদ উপস্থিত হওয়ার আগেই মোহাদ্দেস হোসেন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ওই অনুষ্ঠান থেকে মোহাদ্দেস উপজেলা চত্বরে শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানের অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধন ও মিছিলে অংশ নেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান বলেন, ‘মামলা দায়েরের পর থেকে পুলিশ মোহাদ্দেসকে খুঁজে পায় না বলে তাঁকে জানালেও আজ তিনি প্রকাশ্যে আমার সঙ্গে একই মঞ্চে বক্তব্য দেন।’
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘মোহাদ্দেস মামলার আসামি হলেও চর-থাপ্পড়ের অভিযোগে একজন জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা যায় না।’