
পৌর এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার শপথ নিলেন কুড়িগ্রামের উলিপুরের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে গতকাল শনিবার বিকেল চারটার দিকে উলিপুর শহীদ মিনার চত্বরে একই মঞ্চে উঠে প্রার্থীরা এ শপথ নেন।
সুজন জানায়, উলিপুর পৌরসভা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সৎ, যোগ্য ও জনকল্যাণে প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে সুজন উপজেলা কমিটি এ আয়োজনে করে। এতে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থী ও ভোটারদের মুখোমুখি করা হয় এবং শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন উলিপুর কমিটির সভাপতি গোলাম মোস্তফা। এতে ছয়জন মেয়র প্রার্থী হাতে হাত মিলিয়ে উলিপুর পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা দেন। এ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠান, আইনশৃঙ্খলার অবনতি না ঘটা, পৌরসভার উন্নয়নে এক হয়ে কাজ করা এবং নির্বাচনে পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে সহযোগিতা করার শপথ পাঠ করানো হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে প্রার্থীরা ভোটারদের নানা প্রশ্নের জবাব দেন।
মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল হামিদ সরকার, বিএনপির তারিক আবু আলা চৌধুরী, জাতীয় পার্টির এ কে এম শফিকুল ইসলাম, জেপির মোজাম্মেল হক ওরফে মানিক, ইসলামী আন্দোলনের জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান তালুকদার ওরফে সাজু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ সরকার, রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে।
লালমনিরহাটেও মেয়র প্রার্থীরা এক মঞ্চে: আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, একই মঞ্চে শপথ নিলেন লালমনিরহাট পৌরসভার পাঁচ মেয়র প্রার্থীও। গতকাল সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট রেলওয়ে শহীদ মিনার প্রাঙ্গণের মুক্তমঞ্চে তাঁরা এই শপথ নেন।
এ পৌরসভায় মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আমিনুল ইসলাম ছাড়া সবাই উপস্থিত ছিলেন জনগণের মুখোমুখি অনুষ্ঠানে।
সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত থেকে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল ইসলাম, বিএনপির আবদুল হালিম, জাতীয় পার্টির (মঞ্জু) আবদুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম ওয়াহিদুল হাসান সেনা ও অপর স্বতন্ত্র প্রার্থী এ কে এম হুমায়ুন আক্তার।