একই মঞ্চে ৫ মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ ও নিরপেক্ষ পৌর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একই মঞ্চে শপথ নিলেন পাঁচ মেয়র প্রার্থী। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে লালমনিরহাট রেলওয়ে শহীদ মিনার প্রাঙ্গণের মুক্তমঞ্চে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে হাজির হন এই মেয়র প্রার্থীরা। সুজন এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক দিলীপ কুমার সরকার তাঁদের শপথ বাক্য পাঠ করান।

লালমনিরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আমিনুল ইসলাম ছিলেন না ওই অনুষ্ঠানে।

এতে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল ইসলাম রিন্টু, বিএনপির আবদুল হালিম, জাতীয় পার্টির (মঞ্জু) আবদুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম ওয়াহিদুল হাসান সেনা এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম হুমায়ুন আক্তার শিমুল।

সুজন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজনের রংপুর অঞ্চলের সমন্বয়ক রাজেশ দে ও সুজন লালমনিরহাট জেলা কমিটির সম্পাদক এস এম শফিকুল ইসলাম।