মুঠোফোন অপারেটর ভেদে বেতার তরঙ্গের পৃথক মূল্য না করে সবার জন্য একই মূল্যে তরঙ্গ বরাদ্দের দাবি জানিয়েছে মুঠোফোন কোম্পানিগুলো।গ্রামীণফোন, বাংলালিংক ও রবির প্রধান নির্বাহী কর্মকর্তারা গতকাল মঙ্গলবার যৌথ সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো ছাড়াও প্রয়োজনে উন্মুক্ত নিলামের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের (টুজি) বেতার তরঙ্গ বরাদ্দ দেওয়ার কথা বলেছেন। এ সময় সিটিসেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলন ছাড়াও গতকাল অনুষ্ঠিত আরেকটি সেমিনারেও একই কথা বলেন প্রধান নির্বাহীরা। রাজধানীর একটি হোটেলে সকালে সেমিনার এবং দুপুরে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এ সময় প্রধান নির্বাহীরা জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রস্তাবিত খসড়া লাইসেন্স নবায়ন নীতিমালা বিষয়ে বেশ কিছু সুপারিশ এবং করণীয় সম্পর্কে লিখিত প্রতিক্রিয়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুই অনুষ্ঠানেই গ্রামীণফোনের ওডভার হেশজেডাল, বাংলালিংকের আহমেদ আবু দোমা, রবির মাইকেল কোয়েনার ও সিটিসেলের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহফুজ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন।ব্যবসার শুরুতে বিনা মূল্যে তরঙ্গ বরাদ্দ পাওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আহমেদ আবু দোমা বলেন, ‘বিনা মূল্যে নয়, তবে স্বল্পমূল্যে তরঙ্গ বরাদ্দ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। সারা দেশে নেটওয়ার্ক বিস্তার করেছি কোনো ধরনের সরকারি সাহায্য বা ভর্তুকি ছাড়াই।’ তিনি আরও বলেন, ‘এখনো লাভের মুখ দেখিনি। এ অবস্থায় এককালীন ১৪ হাজার কোটি টাকা দিলে আগামী ১০ বছরেও থ্রিজি প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগ সম্ভব হবে না।’ওডভার হেশজেডাল বলেন, সরকারকে বেশি আয় দেখাতে গিয়ে বিটিআরসি সব ক্ষেত্রে এত বেশি মূল্য নির্ধারণ করেছে যে বাংলাদেশ ব্যাংকের নিয়মানুসারে এত টাকা দেশের কোনো ব্যাংকঋণ দেওয়ার ক্ষমতাও রাখে না।বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত সেমিনারের বিষয়বস্তু ছিল ‘ইমপ্লেমেন্টিং দি ভিশন অব ডিজিটাল বাংলাদেশ: রোল অব টেলিকম অ্যান্ড আইসিটি সেক্টর’।সেমিনারে ওডভার হেশজেডাল বলেন, খসড়া নীতিমালায় উল্লিখিত কর্মসংস্থানের শর্ত, সিএসআর, লভ্যাংশ ভাগসহ যেকোনো মুহূর্তে লাইসেন্স বাতিলের শর্ত বিদেশি বিনিয়োগকে অনুৎসাহিত করবে। আহমেদ আবু দোমা বলেন, ‘গত ১৪ বছরে অধিকাংশ মুঠোফোন কোম্পানি ‘ব্রেক ইভেন’ পয়েন্ট বা লাভ-ক্ষতি কোনোটাই না করে ব্যবসা করে যাচ্ছে। প্রতি ১০০ টাকা আয়ের ৫০ টাকার বেশি সরকারকে কর হিসেবে দিতে হয়। এখন লাইসেন্স নবায়নের এসব শর্ত আমাদের ১৪ বছরের বিনিয়োগকে হুমকির দিকে ঠেলে দিয়েছে।’মাইকেল কোয়েনার বলেন, বিটিআরসি প্রস্তাবিত খসড়া নীতিমালার কারণে ডিজিটাল বাংলাদেশ গড়া তো দূরের কথা, দেশ আরও ১০ বছর পিছিয়ে যাবে।সেমিনারের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, লাইসেন্স নবায়ন নিয়ে কোনো পক্ষ যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে লক্ষ রাখা হবে। বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, সব পক্ষের জন্যই লাভবান করে আগামী মে-জুনের মধ্যেই টুজি লাইসেন্স নবায়ন নীতিমালা চূড়ান্ত করা সম্ভব হবে।সেমিনার সঞ্চালনা করেন বিইআইয়ের প্রেসিডেন্ট ফারুক সোবহান। সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের সিনিয়র আইসিটি পলিসি বিশেষজ্ঞ তেনজিন ডোলমা নরবু এবং পাকিস্তানি টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আসলাম হায়াৎ। মুক্ত আলোচনায় অংশ নেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিশ্বব্যাংকের সঞ্জয় কাথুরিয়া, বার্তা সংস্থা ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল কবির প্রমুখ।