একই রশিতে কলেজছাত্র ও গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রামে গতকাল শনিবার একই রশিতে গাছে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ও কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাশ দুটি আমগ্রামের আবদুল মজিদের ছেলে খাদেমুল ইসলাম (১৭) ও আবু সাঈদের স্ত্রী টিনা মনির (২৩)। তাঁরা দূরসম্পর্কের নানি-নাতি ছিল। খাদেমুল এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, খাদেমুল ও টিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এক মাস আগে বিষয়টি তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হয়। এরপর আবুসাঈদ তাঁর স্ত্রী টিনাকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। তিন দিন আগে টিনা স্বামীর বাড়িতে ফিরে আসেন। গত শুক্রবার রাত আটটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি। গতকাল সকালে আবু সাঈদের বাড়ির পাশের আমগাছে মৃতদেহ দুটি পাওয়া যায়। একই রশিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ দুটি উদ্ধার করে। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
খাদেমুলের বাবা আবদুল মজিদ বলেন, খাদেমুলকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। এক সপ্তাহ আগে এ পরিকল্পনা করা হয়। এ কারণেই টিনাকে ফিরিয়ে আনা হয়েছিল। আগেও জমি নিয়ে বিরোধের কারণে সাঈদ ও তাঁর পরিবারের সদস্যরা তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় তিনি হত্যা মামলা করবেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। খাদেমুলের বাবা হত্যার অভিযোগ দিলে তা আমলে নেওয়া হবে।