একই রশিতে ঝুলে নবদম্পতির আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামে একই রশিতে ঝুলে এক নবদম্পতি আত্মহত্যা করেছেন। সম্পর্কের বিয়ে মেনে না নেওয়ায় তাঁরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাঁরা হলেন নরসিংহপুর গ্রামের নজিবুল ইসলামের ছেলে সেলিম হোসেন (২২) ও তাঁর স্ত্রী নাসরিন (১৯)। নাসরিনের বাবার বাড়ি পটুয়াখালী জেলায়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সেলিম হোসেনের ভগ্নিপতি কামাল হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, সেলিম ঢাকায় শ্রমিকের কাজ করার সময় তৈরি পোশাকশিল্পে কর্মরত নাসরিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। মাস তিনেক আগে তাঁরা বিয়ে করেন। কিন্তু পরিবারের সদস্যরা তাঁদের এ বিয়ে মেনে নেননি। এ কারণে তাঁরা এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছিলেন। সম্প্রতি তাঁরা বাঘারপাড়ার নরসিংহপুরের বাড়িতে আসেন। কিন্তু পরিবারের সদস্যরা তাঁদের মেনে না নেওয়ায় মঙ্গলবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে একই দড়ির দুই মাথায় দুই জন ঝুলে আত্মহত্যা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুম আলী সরদার বলেন, কী কারণে তাঁরা আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।