ভর্তি পরীক্ষার হলে শিক্ষার্থীদের স্বাক্ষর করানোর সময় ধরা পড়ল দুজনের রোল নম্বর এক। পরীক্ষা শেষে যাচাইয়ে বোঝা গেল, তাঁদের একজনের প্রবেশপত্র জাল। পরে জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁকে ওই প্রবেশপত্র দেওয়ার অভিযোগে তাঁর এক বন্ধুকে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে গ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, একই রোল নম্বরধারী (৭০৬৬৭৪) সঞ্জয় কুমার ও মেহেদী হাসান নামের দুজন শিক্ষার্থী গতকাল বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন। উপস্থিতির কাগজে পরীক্ষার্থীদের স্বাক্ষর করানোর সময় কর্তব্যরত পরিদর্শক বুঝতে পারেন, একই রোল নম্বরে দুজন পরীক্ষা দিচ্ছেন। তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় দুজনকেই পরীক্ষা দিতে দেওয়া হয়। পরীক্ষার পর তাঁদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে যাচাই করে দেখা যায়, এই রোল নম্বরের প্রকৃত আবেদনকারী মেহেদী হাসান। তাঁকে ছেড়ে দেওয়া হয়। জাল প্রবেশপত্রধারী সঞ্জয় কুমারকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা বলেন, পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন, ১৯৮০-এর ৩(খ) ধারায় সঞ্জয়কে এ শাস্তি দেওয়া হয়েছে।
প্রক্টরের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় কুমার বলেন, তিনি খুলনা থেকে পরীক্ষা দিতে এসেছেন। সময় না থাকায় তাঁর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে বন্ধু মো. মেহেদী হাসানকে টাকা দিয়েছিলেন। ওই বন্ধুই তাঁর ফরম পূরণ করেছেন এবং তাঁকে এই প্রবেশপত্র দিয়েছেন। কিন্তু পরীক্ষার হলে দেখলেন, আরেক মেহেদীর রোল নম্বর ও তাঁর প্রবেশপত্রের রোল নম্বর এক।
সঞ্জয়ের এই বক্তব্যের পর তাঁর বন্ধু মো. মেহেদী হাসানকে ফোন করিয়ে প্রক্টরের কার্যালয়ে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, খুলনার একটি কম্পিউটারের দোকান থেকে তিনি সঞ্জয়ের জন্য আবেদন করেন এবং সেখান থেকে এই প্রবেশপত্র দেওয়া হয়েছে। মেহেদীকে পরে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ঘটনাটি স্পষ্ট নয়। এ দুজনের কেউ সত্য কথা বলছেন বলে মনে হয়নি। আরও জিজ্ঞাসাবাদের জন্য মেহেদীকে পুলিশে দেওয়া হয়েছে।
গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫৬টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়। এই ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৩ হাজার ২৪২ জন।