নৌশ্রমিক
একই লঞ্চের শ্রমিক, কেউ পেয়েছেন, কেউ পাননি
সরকার এ নিয়ে দুই দফায় নৌশ্রমিকদের সহায়তা দিল। দুবারই বেশির ভাগ শ্রমিক বঞ্চিত হন।
ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়া রুটে চলাচলকারী এমভি ফারহান-৪ লঞ্চে কাজ করেন প্রায় ৪০ জন শ্রমিক। এর মধ্যে সরকারের দেওয়া সহায়তার আড়াই হাজার টাকা পেয়েছেন মাত্র দুজন।
একই লঞ্চে কাজ করে একজন সহায়তা পেয়েছেন, বেশির ভাগ পাননি—এমন ঘটনা অনেক। সব মিলিয়ে সরকার ১৩ জুলাই ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ১ হাজার ৬০৩ জনকে এককালীন আড়াই হাজার টাকা করে দিয়েছে। যদিও নৌশ্রমিক নেতারা জানিয়েছেন, শুধু যাত্রীবাহী নৌযানে শ্রমিক রয়েছেন ১৮ থেকে ২০ হাজার। সরকার এ নিয়ে দুই দফায় নৌশ্রমিকদের সহায়তা দিল। এর আগে গত ঈদুল ফিতরের আগে ১ হাজার ৯৪৭ জন শ্রমিককে সহায়তা দেওয়া হয়। তখনো বেশির ভাগ বঞ্চিত হন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, তারা সরকারি সহায়তার জন্য প্রায় সাত হাজার শ্রমিকের একটি তালিকা পাঠিয়েছিল। জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বরসংক্রান্ত জটিলতায় বেশির ভাগ বাদ পড়ে যায়।
তবে শ্রমিকনেতারা বলছেন, জটিলতার বিষয়টি আগেই সমাধান করা যেত। সহায়তার তালিকায় শ্রমিকের সংখ্যা বাড়ানোও দরকার। নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, সহায়তা পাওয়া শ্রমিকের সংখ্যা মোট কর্মরত শ্রমিকের তুলনায় খুবই কম।
করোনার সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হলে যাত্রীবাহী নৌযানও বন্ধ থাকে। গত বছর মার্চ থেকে বিভিন্ন সময় যাত্রীবাহী নৌযান বন্ধ ছিল। চলমান ১৪ দিনের বিধিনিষেধেও যাত্রীবাহী নৌযান বন্ধ রয়েছে।
নৌ খাত সূত্রে জানা গেছে, বন্ধ থাকার সময়ও স্থায়ী শ্রমিকেরা বেতনের একটি অংশ পান। তবে অস্থায়ী ও চুক্তিভিত্তিক শ্রমিকদের বেতন অনেক ক্ষেত্রেই দেওয়া হয় না। যাত্রী পরিবহন করতে পারলে শ্রমিকদের বাড়তি কিছু আয় হয়, যা বন্ধের সময় হয় না। সব মিলিয়ে তাঁদের আয় কমে গেছে।
ঢাকা-বোরহানউদ্দিন রুটে চলাচলকারী লঞ্চ এমভি গাজী সালাহউদ্দিনের সুপারভাইজার কমল রায় প্রথম আলোকে জানান, গত দফায় তাঁদের লঞ্চের ২৬ জন শ্রমিকের মধ্যে পাঁচজন সহায়তা পেয়েছিলেন। এবার একজনও পাননি।
একই লঞ্চের কেবিন বয় মনির হোসেন বলেন, তাঁর মাসিক বেতন তিন হাজার টাকা। তবে লঞ্চ চললে যাত্রীদের কাছ বকশিশ পাওয়া যায়। তা দিয়েই মূলত সংসার চলে।