একই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের ৪৩ বছর পার হলেও একই শত্রুগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আমাদের। এই গোষ্ঠী মুক্তিযোদ্ধাদের চরিত্র হরণের চেষ্টা করছে।’
আজ মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার ভাষা আমার নেই। এখনই তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এঁদের নির্মূল করা ছাড়া আর কোনো উপায় নেই।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
এদিকে বেলা ১১টার দিকে বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা বের করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শোভাযাত্রাটি জিঞ্জিরা বাসরোড এলাকার বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে হাসনাবাদ এলাকায় গিয়ে শেষ হয়।