একই সঙ্গে কলেজ ও মাদ্রাসার শিক্ষক তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মো. আনোয়ারুজ্জামান নামের এক শিক্ষক একই সঙ্গে এমপিওভুক্ত কলেজ ও মাদ্রাসায় চাকরি করছেন। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে গোপন সমঝোতা করে প্রায় চার বছর ধরে তিনি চাকরি করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম ৩ ফেব্রুয়ারি আনোয়ারুজ্জামানের একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের চাকরি ও সুযোগ-সুবিধা গ্রহণের বিষয়টি আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। এর অনুলিপি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াকুলি গ্রামের আনোয়ারুজ্জামান আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার এমপিওভুক্ত ইংরেজির শিক্ষক। এ মাদ্রাসায় চাকরিকালীন আলমডাঙ্গা ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে ২০১২ সালের ১৮ এপ্রিল নিয়োগপত্র গ্রহণ ও যোগদান করেন তিনি। সেই থেকে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই একই সঙ্গে চাকরি ও আর্থিক সুবিধা ভোগ করে আসছেন তিনি। দুটি প্রতিষ্ঠানের হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষরও করছেন তিনি। মাদ্রাসার পাশাপাশি কলেজে পাবলিক পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন, খাতা মূল্যায়নসহ সব দায়িত্ব পালন করছেন তিনি। শিক্ষা বিভাগের উপজেলা ও জেলা কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানানোর পরও প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম আগে নিয়োগ পাওয়া চারজন শিক্ষককে পাশ কাটিয়ে আনোয়ারুজ্জামানকে শিক্ষক হিসেবে এমপিওভুক্ত করাতে সরাসরি সহযোগিতা করছেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ক-৩) মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত ২০১০ সালের ২৮ নভেম্বরের বিজ্ঞপ্তির ৯ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে (এমপিওভুক্ত বা এমপিওবিহীন যেকোনো ধরনের প্রতিষ্ঠান) চাকরিরত থাকলে তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে কর্মরত থাকলে উভয় প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
আনোয়ারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি অনেক আগেই মাদ্রাসায় পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে সেটি এখনো গৃহীত হয়নি।’ সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আনোয়ারুজ্জামান মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক হিসেবে সব সুযোগ-সুবিধা ভোগ করেন। মাদ্রাসায় আসেন হাজিরা খাতায় স্বাক্ষর করেন। তবে মাঝেমধ্যে তিনি কলেজে যান বলে শুনেছি।’ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজে ইংরেজি শিক্ষকের স্বল্পতার কারণে মাস্টাররোলে মো. আনোয়ারুজ্জামানকে রাখা হয়েছে। তবে কোনো বেতন-ভাতা দেওয়া হয় না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আনোয়ারুজ্জামানের এমপিওভুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন।
জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন বলেন, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পালকে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি সার্বক্ষণিক। সেখানে অফিস চলাকালে খণ্ডকালীন চাকরি করার কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে।