একই সঙ্গে তাঁরা শিক্ষক ও অফিস সহকারী!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চবিদ্যালয়টি ২৬ বছর আগে জাতীয়করণ করা হয়। কিন্তু বিদ্যালয়টিতে আজ পর্যন্ত কোনো অফিস সহকারী, পরিচ্ছন্নতাকর্মী ও মালীর পদ সৃষ্টি করা হয়নি। ফলে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি করতে হচ্ছে অফিস সহকারীর কাজসহ অন্যান্য কাজও। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৫ সালে স্থানীয় অবিনাশ চন্দ্র লোধ তাঁর বাবা ভগবান চন্দ্র লোধের নামানুসারে এলাকায় এই উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে এটি জাতীয়করণ করা হয়। কিন্তু অদ্যাবধি বিদ্যালয়টিতে অফিস সহকারী, ঝাড়ুদার ও মালীর পদ সৃষ্টি করা হয়নি। এতে বিভিন্ন দাপ্তরিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বর্তমানে বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। বিদ্যালয়ে ১৫ জন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ বর্তমানে শূন্য। ইংরেজির শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে ও গণিতের শিক্ষক এক বছরের জন্য বিএড প্রশিক্ষণে আছেন। পুরো পাঠদানের কাজ চলছে বাকি ১২ জন শিক্ষক দিয়ে। পাশাপাশি তাঁদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে অফিস সহকারীর কাজও করতে হচ্ছে। প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক তাহেরা বেগম বলেন, ‘অফিস সহকারীর পদ সৃষ্টির জন্য শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন। ওই বিষয়ে আমি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’ এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপপরিচালকের দায়িত্বে থাকা বিদ্যালয় পরিদর্শক সেতারা বেগম বলেন, ‘বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ও অন্য পদগুলো সৃষ্টি না হওয়ায় যেসব সমস্যা হচ্ছে সে সম্পর্কে আমরা অবগত আছি। উপপরিচালক বর্তমানে ছুটিতে আছেন। তিনি কর্মস্থলে ফেরার পর বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’