একই সঙ্গে তিন শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের খেতাব পাওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য ‘সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ এবং এসব শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্যকে ‘বর্ষসেরা ব্যবস্থাপক’ খেতাব দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ‘ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি’ (ইবিএ) নামের একটি সংস্থা।কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ই-মেইল ঠিকানায় এ বিষয়ে চিঠি দিয়ে জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভিএএসইউ)।কিন্তু এই স্বীকৃতি নিয়ে নানা মহলে আলোচনার ঝড় উঠেছে। কারণ নিয়মানুযায়ী প্রতিষ্ঠানটি এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বে কোনো তথ্য-উপাত্ত সংগ্রহ করেনি। এ ছাড়া এ ধরনের কোনো স্বীকৃতির বিষয়ে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি পাঠানোর কথা। এ ব্যাপারে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভিএএসইউ) উপাচার্য এ এস মাহফুজুল বারি বলেন, ‘আমার ব্যক্তিগত ও বিশ্ববিদ্যালয়ের ই-মেইল ঠিকানায় চিঠিটি পেয়েছি। বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হওয়ায় আমি এ বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করিনি। কারণ এর আগেও এ রকম একটি চিঠি পেয়েছিলাম। সাধারণত এসব ক্ষেত্রে নিবন্ধনের কথা বলে নির্দিষ্ট অঙ্কের ফি দাবি করা হয়। এই চিঠিতেও সেভাবে বলা হয়েছে। তা ছাড়া, আমি এ বিষয়ে চুয়েটের ভিসি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে জেনেছি, তাঁকেও একই ধরনের চিঠি পাঠানো হয়েছে।’স্বীকৃতি পাওয়ার বিষয়ে জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফের মুঠোফোন ও বাসার ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার জানামতে, কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি অথবা পুরস্কার দিতে হলে সেই প্রতিষ্ঠানের কাছে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কাগজপত্র চাওয়া হয়। কিন্তু আমরা কাউকে এ ধরনের কোনো তথ্য পাঠাইনি। এ ব্যাপারে কেউ আমাদের সঙ্গে এর আগে কোনো যোগাযোগও করেনি। আমার কাছে মনে হচ্ছে, কোনো এজেন্সি এভাবে প্রতারণা করছে।’ ইবিএর ওই ই-মেইল পড়ে দেখা যায়, শুধু প্রাপকের নাম-ঠিকানা ছাড়া চিঠির ভেতরের কাঠামো প্রায় একই। তিনটি চিঠি পাঠানো হয় ইবিএর মহাপরিচালক জন নেটিংয়ের পক্ষে। ২০ আগস্ট চুয়েট ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর যুক্তরাজ্যের অক্সফোর্ড টাউন হলে অনুষ্ঠেয় ‘অক্সফোর্ড সামিট অব লিডারসে’ পদক দেওয়া হবে। কেউ এতে উপস্থিত হতে না পারলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে এবং এর জন্য প্রাথমিক নিবন্ধন প্রয়োজন। গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো চিঠিতে ১৬ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় একই সম্মেলনে যোগ দিতে অনুরোধ জানানো হয় এবং নিবন্ধনের জন্য ইবিএর কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়।