একই সঙ্গে তিনটি শ্রেণিকক্ষে পাঠদান করেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি দুটি ভবনে ছয়টি শ্রেণিকক্ষ। এর তিনটিতে চলছে পাঠদান। কিন্তু শিক্ষক মাত্র একজন। একটি কক্ষে কিছুক্ষণ, আবার আরেকটিতে কিছুক্ষণ, এভাবেই পাঠদান করতে হয় তাঁকে। গত মঙ্গলবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮০ নম্বর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই চিত্র দেখা গেছে।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৪৭ সালে স্থাপন করা হয়। শিশু থেকে পঞ্চম শ্রেণিতে মোট ১২১ শিক্ষার্থী আছে। পাঁচজন শিক্ষক থাকার কথা থাকলেও প্রধান শিক্ষকসহ আছেন মাত্র দুজন। প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম মিঞা বিষয়ভিত্তিক প্রশিক্ষণে আছেন। প্রেষণে থাকা পাশের জামতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান সেদিন আসেননি। বিশেষ কাজে তাঁর বিদ্যালয়ে যান। ফলে সহকারী শিক্ষক চঞ্চল কুমার দাসকে এমন ছোটাছুটি করেই পাঠদান করতে হয়।
চঞ্চল কুমার প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক বর্তমানে প্রশিক্ষণে আছেন। প্রেষণের শিক্ষক যেদিন না আসেন সেদিন এভাবেই চলে বিদ্যালয়টি।
পঞ্চম শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুন বলে, ‘মাঝেমাঝেই একজন শিক্ষক থাকেন। সেদিন যে স্যার থাকেন তিনি আমাদের পড়া দিয়ে আরেক ক্লাসে যান। অন্য ক্লাসের ছাত্রছাত্রীরা এ সময় খেলাধুলা করে সময় কাটায়।’
বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতার কারণে তাঁদের ছেলেমেয়েরা সমস্যায় রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আজকেও (মঙ্গলবার) উপজেলায় এসেছি শিক্ষক নিয়োগের দাবি নিয়ে।’
মঙ্গলবার মুঠোফোনে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান বলেন, বিদ্যালয়টিতে নতুন শিক্ষক দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, যত দ্রুত সম্ভব বিদ্যালয়টিতে শিক্ষক দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।