একই সঙ্গে দুই কাজে জনদুর্ভোগ
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার অধিকাংশ সড়কে একসঙ্গে সংস্কারকাজ ও নর্দমা (ড্রেন) নির্মাণের কাজ চলছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ।
পৌরবাসীর আশঙ্কা, এভাবে কাজ চললে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
গলাচিপা পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভা এলাকায় ৩৪ কিলোমিটার বড় সড়ক রয়েছে। এ ছাড়া ছোট সড়ক (বাইলেন) রয়েছে ছয় কিলোমিটার। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে এ সড়কগুলো বেহাল অবস্থায় ছিল। চলতি অর্থবছরে পৌর শহরের প্রধান ছয়টি সড়কের প্রায় সাত কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়েছে। পাশাপাশি চলছে ১ হাজার ২৩৫ মিটার নর্দমার নির্মাণকাজ।
গত ফেব্রুয়ারি মাসে এসব কাজের কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু কাজ শুরু করা হয়েছে দুই সপ্তাহ আগে।
১৫ মে পৌরসভার সদর রোডে গিয়ে দেখা যায়, রাস্তার এক পাশে নর্দমা নির্মাণের কাজ চলছে। পলিথিন, নির্মাণসামগ্রী ও আবর্জনায় ভরে আছে নর্দমাগুলো। কাদা-পানি ও গর্তে রাস্তাগুলো বেহাল। কলেজ রোড, পুরাতন লঞ্চঘাট রোড ও ওয়াপদা রোডেও চলছে ভাঙাচোরার কাজ।
পৌরসভার অধিকাংশ সড়কের কাজ একসঙ্গে শুরু হওয়ায় অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, এতগুলো সড়কে একসঙ্গে কাজ না করে একটা শেষ করে আরেকটা সড়কে কাজ শুরু করলে ভোগান্তি কিছুটা কমত।
সদর রোডের ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, এখনই বলতে গেলে পৌরসভার প্রায় সবগুলো প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। একসঙ্গে গুরুত্বপূর্ণ সবগুলো রাস্তার সংস্কারকাজ ও নর্দমা নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করায় বর্ষায় এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হবে। হেঁটেও এসব সড়ক দিয়ে মানুষজন চলাচল করতে পারবে না।
গলাচিপা পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক জানান, চলতি অর্থবছরে পৌরসভার সদর রোড, কলেজ রোড, বনানী রোড, শান্তিবাগ রোড, ওয়াপদা রোড ও পুরাতন লঞ্চঘাট রোডের ৬.৭৬২ কিলোমিটার এলাকায় সংস্কারকাজ করা হচ্ছে। পাশাপাশি ১.২৩৫ কিলোমিটার নর্দমা নির্মাণ করা হচ্ছে। প্রায় ১২ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকা ব্যয় হবে এ কাজে। মোট তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফেব্রুয়ারি মাসে কার্যাদেশ দেওয়া হয়।
কার্যাদেশের শর্তানুযায়ী পরবর্তী এক বছরের মধ্যে সংস্কার ও নির্মাণকাজ শেষ করার কথা। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে, যাতে জনগণের ভোগান্তি কম হয়।
এক বছর কেন সময় দেওয়া হলো, এ বিষয়ে জানতে চাইলে ধ্রুব লাল দত্ত বণিক বলেন, ‘আসলে কাজগুলোর ব্যাপকতা অনেক বেশি। একটু সময় নিয়ে কাজ করতে হবে। আর এ সময়ে এলাকাবাসীকে একটু কষ্ট সহ্য করতেই হবে। কাজের পরিকল্পনা করা, অর্থের বরাদ্দ পাওয়া ইত্যাদি ঝামেলায় আমাদের বেশ কিছু সময় নষ্ট হয়েছে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম কনস্ট্রাকশনের স্থানীয় প্রতিনিধি মো. জসিম তালুকদার বলেন, একটি ধাপের কাজ শেষ করার পর কর্তৃপক্ষ সেটার গুণগত মান পরীক্ষা করে। ওই ধাপের কাজের মান সন্তোষজনক হলে পরের ধাপের কাজ করার অনুমতি দেওয়া হয়। এ কারণে ধীরগতিতে কাজ এগোচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে গলাচিপা পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা বলেন, রাস্তার সংস্কার ও নর্দমা নির্মাণের জন্য এলাকাবাসীকে সাময়িকভাবে কিছুটা দুর্ভোগ পোহাতে হবে। আগামী এক বছরের মাথায় গলাচিপা পৌরসভা এলাকায় কোনো রাস্তা ব্যবহারের অনুপযোগী থাকবে না। আর শহরের জলাবদ্ধতাও বহুলাংশে কমে আসবে।