একই সঙ্গে দুটি চাকরি!
তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের পড়ান আবার সিমেন্ট তৈরির একটি প্রতিষ্ঠানেও কাজ করেন। দুটিই তাঁর পূর্ণকালীন চাকরি। তবে এ জন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেই অনুমতি নেননি তিনি। তাঁর নাম মেহেদী হাসান।তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০১০ সালের ১ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক পদে যোগ দেন মেহেদী। ওই সময় তিনি ঢাকার মতিঝিলে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের ক্রাউন সিমেন্টের টেরিটরি ম্যানেজার পদে দায়িত্ব পালন করছিলেন। গত এপ্রিল মাসে তিনি সিনিয়র টেরিটরি ম্যানেজার পদে পদোন্নতি পান। নতুন আরেকটি চাকরি পাওয়ার পর থেকে মেহেদী সপ্তাহে বা ১৫ দিনে দু-এক দিন ছুটি নিয়ে ঢাকা থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেন। বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিভাগের অন্য সব শিক্ষকের ক্লাস যথাসময়ে হলেও মেহেদী হাসানের ক্লাস সপ্তাহে এক দিন হয়ে থাকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনের ৩৪ ধারায় বলা আছে, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক সার্বক্ষণিকভাবে কাজে নিয়োজিত হবেন।’ তবে একই আইনের ৩৪(ঙ) ধারায় বলা আছে, ‘ভাইস চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, পরামর্শক (কনসালট্যান্ট) হিসেবে কাজ করতে পারবেন এবং অনুরূপ কাজের জন্য প্রাপ্ত পারিতোষিকের এক-পঞ্চমাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দিতে বাধ্য থাকবেন।’ কিন্তু মেহেদী হাসান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই তাঁর পুরোনো কর্মস্থল ক্রাউন সিমেন্টে কাজ করা অব্যাহত রেখেছেন।এ ব্যাপারে ক্রাউন সিমেন্টের মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান সুকৃতী মুখার্জি প্রথম আলোকে বলেন, ‘মেহেদী হাসান আমাদের প্রতিষ্ঠানে সিনিয়র টেরিটরি ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন কি না, জানি না। একসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করা বেআইনি। এটা কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি খতিয়ে দেখছি।’কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ বলেন, মেহেদী হাসানের দুটি চাকরির বিষয় যদি সত্যি হয়, তবে তা হবে ভয়াবহ ঘটনা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘মেহেদী হাসানের দ্বৈত চাকরির বিষয়টি জানি না। খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’অভিযোগের ব্যাপারে মেহেদী হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন চাকরি করছি। একই সঙ্গে ক্রাউন সিমেন্টের সিনিয়র টেরিটরি ম্যানেজার পদেও চাকরি করছি। তবে এ চাকরি প্রধান নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরিই প্রধান।’বিভাগের বিভিন্ন বৈঠকে অনুপস্থিতির কথা স্বীকার করে মেহেদী বলেন, ‘আমি কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিচ্ছি বেশিক্ষণ ক্লাস নিয়ে।’