তিনি একই সঙ্গে এমপিওভুক্ত ফাজিল (ডিগ্রিমানের) মাদ্রাসার অধ্যক্ষ এবং বাঁশখালী উপজেলা চেয়ারম্যান। একাই পালন করছেন সরকারের শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুই দায়িত্ব। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী এভাবে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।
বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছে মাদ্রাসা পরিচালনা কর্তৃপক্ষ। অধ্যক্ষকে তাঁর পদে থাকা এবং সম্মানী গ্রহণের যৌক্তিকতা তুলে ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীনে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। মাদ্রাসার নীতিমালায় শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্যসংক্রান্ত বিধিমালায় (সাত-এর ‘ট’ অনুচ্ছেদ) বলা হয়েছে, কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে বেতনসহ বা বিনা বেতনে কোনো কাজে নিয়োগ লাভ করতে পারবেন না।
খান বাহাদুর ফাউন্ডেশন (ট্রাস্ট) পরিচালিত বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অধ্যক্ষ একই সঙ্গে শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পৃথক দুটি দায়িত্ব পালন করছেন। তাই আইনি বিধান অনুযায়ী তাঁর অবস্থান নিশ্চিত করার অনুরোধ জানিয়েছি। এর আগে কোনো সিদ্ধান্ত নিলে আমরাও তো আইন লঙ্ঘনের অপরাধে অপরাধী হয়ে যাব।’
মাদ্রাসা সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার অধ্যক্ষ গত মে মাসের সরকারি বেতনের বিল (এমপিও) অনুমোদনের জন্য পরিচালনা কমিটির সভাপতির কাছে পাঠান। এ সময় অধ্যক্ষকে বিলে সইয়ের আগে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে নিজের অবস্থান সুস্পষ্ট করতে বলা হয়। এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয় অধ্যক্ষকে। এতে বলা হয়, উপজেলা চেয়ারম্যানের পদে আসীন কোনো ব্যক্তির পক্ষে সরকার অনুমোদিত অনুদানপ্রাপ্ত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন সুচারুভাবে পালন করা আদৌ সম্ভব নয়। কারণ, উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম একই সময়ে চলমান।
চিঠিতে আরও বলা হয়, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনরত অবস্থায় সরকারি বেতন-ভাতা গ্রহণ এবং শিক্ষক-কর্মচারীদের সরকারি অনুদানের বিলে তাঁর নাম অন্তর্ভুক্ত এবং বেতন-ভাতা দাবি আইনগ্রাহ্য নয়।
অধ্যক্ষ এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বেতন পাচ্ছেন না শিক্ষকেরা। ২২ জন শিক্ষক এবং সাতজন কর্মচারীর এমপিওর প্রায় সোয়া তিন লাখ টাকা ব্যাংকে আটকা পড়ে আছে। দ্রুত এসব টাকা ছাড়ের ব্যবস্থা না হলে সেগুলো আবার সরকারি কোষাগারে ফিরিয়ে নেওয়া হবে। কারণ, জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হয়েছে।
মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি রফিউল আলম বলেন, ‘রমজান ও ঈদের এ সময়ে বেতন না পেয়ে আমাদেরকে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।’
জানা যায়, জহিরুল ইসলাম ২০১১ সালের নভেম্বর মাস থেকে মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ২৩ মার্চ তিনি বাঁশখালী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৭ সালের শেষ দিক থেকে তিনি উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন।
অধ্যক্ষ জহিরুল ইসলাম দুটি মামলার আসামি। বাঁশখালীর চাম্বলে পুলিশের ওপর হামলার অভিযোগে ২০১৩ সালের ২৮ জানুয়ারি গ্রেপ্তার হন অধ্যক্ষ। প্রায় তিন মাস ১৬ দিন কারাভোগের পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। এ ছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগ প্রার্থী খোরশেদ আলম।
অভিযোগ রয়েছে, বর্তমানে বাঁশখালীতে জামায়াতের কার্যক্রমের ওপর সরকারের নজরদারির কারণে অধ্যক্ষ মাদ্রাসায় দলীয় সভা-সমাবেশ করেন। বেশির ভাগ সময় তিনি এসব কাজে ব্যস্ত থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, অধ্যক্ষ উপজেলা চেয়ারম্যান, জামায়াতের আমির এবং একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধার। মাদ্রাসাকেই তিনি দলের সভা-সমাবেশের জন্য ব্যবহার করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি অধ্যক্ষের পদে থাকা যাবে না সরকারি নীতিমালায় কোথাও এমন কোনো বিধিনিষেধ নেই। তবুও আমি নীতিগতভাবে মাদ্রাসার দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এর পরেও পরিচালনা কমিটি আমাকে হয়রানি করছে। এভাবে শিক্ষকদের ভোগান্তিতে ফেলার কী মানে আছে আমার বোধগম্য নয়।’
জেলা প্রশাসক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে বলেন, এখন মাদ্রাসা বন্ধ। তাছাড়া এসব যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে মাস খানেক সময় লাগবে। তবে পরিচালনা কর্তৃপক্ষ বিলের কপি সই না করলে অধ্যক্ষ বিকল্প উপায়ে শিক্ষকদের বেতনের ব্যবস্থা করার আশ্বাস দেন।
মাদ্রাসায় দলীয় কার্যক্রম চালানোর বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন জহিরুল ইসলাম। তবে দুটি মামলার মধ্যে পুলিশের মামলায় জামিনে আছেন এবং নির্বাচনে কারচুপির মামলা চলছে বলে স্বীকার করেছেন।
মাদ্রাসার চলমান সংকট প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘শিক্ষকদের বেতন-ভাতার বিষয়টি আমার জানা নেই। উপজেলা চেয়ারম্যান এবং আমিরের পদের পাশাপাশি তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারেন কি না সে ব্যাপারে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমেদ খান বলেন, ‘আমাকে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি।’