একই সবজির ভিন্ন দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বন্দরবাজার এলাকার দক্ষিণ অংশে ব্রহ্মময়ীবাজার এবং উত্তর অংশে লালবাজার অবস্থিত। নগরের বৃহৎ এই দুটি সবজি বাজারের দূরত্ব মাত্র ১০ গজ। এই সামান্য ব্যবধানের মধ্যেই একই সবজি ভিন্ন দামে বিক্রি হচ্ছে। অথচ পাইকারি দরে এসব সবজি একই স্থান থেকে দুই বাজারের বিক্রেতারা কিনছেন। এতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, নগরের লালবাজার এলাকায় প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকা, টমেটো ১০০, শসা ৫০, গাজর ৫০, বেগুন ১০০ থেকে ১২০, ঝিঙা ৪০ থেকে ৪৫, পটোল ৪০, করলা ৫০, কাঁকরোল ৪০, বরবটি ৪০, কচুরমুখি ৪৫, পেঁপে ৩০ থেকে ৩৫ এবং ঢ্যাঁড়স ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সবজি ব্রহ্মময়ীবাজার এলাকায় ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে।
ক্রেতা-বিক্রেতারা জানান, সবজির মধ্যে রমজান মাসে শাকের চাহিদা প্রচুর। এ কারণে শাকের দামের মধ্যে এই দুটি বাজারে বিস্তর ফারাক রয়েছে। কচুশাক, পালংশাক, পুঁইশাক, হেলেঞ্চা শাকের আঁটি ১০ থেকে ৩০ টাকায় ব্রহ্মময়ীবাজার এলাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে একই পরিমাণ শাকের আঁটি লালবাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকায়।
সোবহানীঘাট এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম জানান, রমজান মাস এলেই সবজির দাম বেড়ে যায়। তবে সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় ব্রহ্মময়ীবাজার ও লালবাজার সবজি বাজারে। লালবাজার এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রমজান মাসে সবাই একটু বাড়তি মুনাফা করতে চান। এটি ভেবেই অনেকে নিজেদের খেয়ালখুশিমতো দাম হাঁকছেন।’
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘রমজান মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারককারী কর্মকর্তারা বিষয়টি আমাকে জানিয়েছেন। সবজির দাম নির্দিষ্ট না থাকায় এমনটি হচ্ছে।’