বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিচালিত মহিষ পালন ও ব্যবস্থাপনার ওপর খামারিদের প্রশিক্ষণ কর্মসূচিতে কর্মকর্তারা একই সময়ে একাধিক স্থানে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। আর এভাবে একাধিক স্থান থেকেই তাঁরা দিনপ্রতি এক হাজার টাকা করে ভাতা গ্রহণ করেছেন।
তথ্য অধিকার আইনে ওই কর্মসূচিতে বরাদ্দ ও খরচের হিসাবসহ বিভিন্ন তথ্য জানতে চেয়ে গত ১২ এপ্রিল প্রথম আলোর পক্ষ থেকে বিএলআরআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। যথাসময়ে তথ্য না পেয়ে ২ জুন বিএলআরআইয়ের মহাপরিচালকের (আপিল কর্তৃপক্ষ) কাছে প্রতিকার চেয়ে আবেদন করা হয়৷ ১২ জুন এই প্রতিবেদকের কাছে অসম্পূর্ণ তথ্য প্রদান করা হয়।
ওই তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২০১১-২০১২ অর্থবছরে জামালপুর, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বাগেরহাট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, পটুয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার ২২টি উপজেলায় এক হাজার ৩২০ জন খামারিকে মহিষ পালন ও ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এতে বিভিন্ন খাতে খরচ দেখানো হয়েছে ৪০ লাখ ৯৬ হাজার টাকা। মাত্র তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা ২২টি উপজেলায় সমন্বয়কের দায়িত্ব পালন করে সমুদয় ভাতা গ্রহণ করেছেন।
২০১১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর, বদরগঞ্জ উপজেলায় ১৭ থেকে ২১ নভেম্বর, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর, সদর উপজেলায় ১১ থেকে ১৫ ডিসেম্বর, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২১ থেকে ২৫ ডিসেম্বর, ভূঞাপুর উপজেলায় ২০ থেকে ২৪ ডিসেম্বর এবং ২০১২ সালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১৩ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি, ফুলবাড়ী উপজেলায় ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি, হালুয়াঘাট উপজেলায় ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ৬ থেকে ১০ মে এবং সদর উপজেলায় ৫ থেকে ৯ মে পর্যন্ত চলা প্রশিক্ষণগুলোতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিএলআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) ফারহানা আফরোজ। নিয়মানুযায়ী ২০১১ সালের ১৬ নভেম্বর থেকে ২০১২ সালের ১০ মে পর্যন্ত চলা প্রশিক্ষণে ফারহানা আফরোজের মূলত ৩১ দিন দায়িত্ব পালন করার কথা। কিন্তু কাগজে-কলমে একই সময়ে একাধিক উপজেলায় কর্মরত দেখানোর কারণে তিনি ৩১ দিনের স্থলে ৫৫ দিনে ৫৫ হাজার টাকা ভাতা গ্রহণ করেন।
ফারহানা আফরোজ বলেন, ‘এ বিষয়ে প্রকল্প পরিচালক ভালো বলতে পারবেন।’ যোগাযোগ করা হলে প্রকল্পের পরিচালক নূরুন্নাহার বলেন, সময় বাঁচানোর জন্য একজন কর্মকর্তাকে দিয়ে একাধিক উপজেলার সমন্বয়কের দায়িত্ব পালন করানো হয়েছে। এতে কাজের ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন না।